২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে

দেশের জনসংখ্যা বৃদ্ধির হার এখন ১ দশমিক ৩৪ শতাংশ, যা ১০ বছর আগের চেয়ে শূন্য দশমিক ২৪ শতাংশ কম। বর্তমানে মোট জনসংখ্যা ১৪ কোটি ২৩ লাখ ১৯ হাজার। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৯৬৪ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2011, 02:09 PM

Updated : 24 Aug 2022, 03:34 PM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের জনসংখ্যা বৃদ্ধির হার এখন ১ দশমিক ৩৪ শতাংশ, যা ১০ বছর আগের চেয়ে শূন্য দশমিক ২৪ শতাংশ কম। বর্তমানে মোট জনসংখ্যা ১৪ কোটি ২৩ লাখ ১৯ হাজার। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৯৬৪ জন। শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী একে খন্দকার পঞ্চম আদমশুমারির প্রাথমিক ফল প্রকাশ করেন। গত মার্চ মাসে এ শুমারি হয়। প্রাথমিক ফল অনুযায়ী মোট জনসংখ্যার ৭ কোটি ১২ লাখ ৫৫ হাজার পুরুষ এবং ৭ কোটি ১০ লাখ ৬৪ হাজার নারী। ১০ বছরে জনসংখ্যায় যোগ হয়েছে ১ কোটি ৭৯ লাখ ৬৪ হাজার। সর্বশেষ শুমারি অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৩৪ শতাংশ, ২০০১ সালে তা ছিলো ১ দশমিক ৫৮ শতাংশ। বিভাগগুলোর মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সিলেটে সবচেয়ে বেশি ২ দশমিক ১ শতাংশ। ১ দশমিক ৮ শতাংশ বৃদ্ধির হার নিয়ে এর পরই আছে ঢাকা। চট্টগ্রামে বৃদ্ধির হার ১ দশমিক ৪ শতাংশ। বরিশালে এ হার শূন্য। এ জন্য প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষের এলাকা ত্যাগকেই এর কারণ বলে মনে করা হচ্ছে। জনঘনত্ব সবচেয়ে বেশি ঢাকা জেলায়। এখানে প্রতি বর্গকিলোমিটার এলাকায় ৮ হাজার ১১১ মানুষের বাস। সবচেয়ে কম জনঘনত্ব বান্দরবানে ৮৬ জন। দেশে মোট খানার (এক রান্নায় যতজন খায়) সংখ্যা ৩ কোটি ২০ লাখ ৬৮ হাজার। প্রতিটি খানায় সদস্য সংখ্যা প্রায় সাড়ে ৪ জন। ২০০১ সালের আদমশুমারিতে দেশের মানুষের সংখ্যা ছিলো ১২ কোটি ৪৩ লাখ ৫৫ হাজার। ঘনত্ব ছিলো প্রতি বর্গকিলোমিটারে ৮৩৪ জন। দেশের প্রকৃত জনসংখ্যা নিয়ে বিতর্কের মধ্যেই সরকার আদম শুমারি করে। গত বছরের অক্টোবরে জাতিসংঘ জনসংখ্যা তহবিল- ইউএনএফপিএ তাদের হিসাবে বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৪৪ লাখ দেখালে তার সমালোচনায় মুখর হয় সরকার, বিশেষ করে অর্থমন্ত্রী। তখন ইউএনএফপিএ জনসংখ্যা ১৬ কোটি ৪৪ লাখ দেখালেও ২০০১ এর আদমশুমারির তথ্য হালনাগাদ করে পরিবার পরিকল্পনা অধিদপ্তর জানায়, জনসংখ্যা ১৪ কোটি ৬৬ লাখ। পঞ্চম আদমশুমারিতে এ সংখ্যা আরো ৪৩ লাখ কম। ইউএনএফপিএ তখন জনসংখ্যা বৃদ্ধির হার ১ ৪০ শতাংশ দেখিয়েছিলো, অন্যদিকে সরকারি হিসেবে তা ছিলো ১ দশমিক ২৯ শতাংশ। সরকারি হিসেবে জনসংখ্যা বৃদ্ধির হার বেড়েছে ০ দশমিক ০৪ শতাংশ। পঞ্চম আদমশুমারির প্রাথমিক ফলাফলে অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। কারণ জনসংখ্যা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপে গতিহীনতার মধ্যেও এ ফলাফল এসেছে। পরিকল্পনামন্ত্রী একে খন্দকার অবশ্য বলেছেন, প্রাথমিক এ ফলাফল নিরীক্ষণের পরই আগামী নভেম্বরে চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে। "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এটা যাচাই করে দেখবে। পরিসংখ্যানগত ভুলগুলো ঠিক করবে", বলেন তিনি। দেশকে ১৩০টি শুমারি জেলায় ভাগ করে জনগণনা করা হয়। এক জন করে শুমারি সমন্বয়কারী প্রত্যেক শুমারি জেলার কাজ তদারক করেন। এ কাজে যুক্ত ছিলেন প্রায় চার লাখ ব্যক্তি। এতে ব্যয় হয়েছে আড়াইশ কোটি টাকা। তবে অভিযোগ রয়েছে, অনেক মানুষই এ শুমারি থেকে বাদ পড়েছে। তবে আদমশুমারির প্রকল্প পরিচালক অসীম কুমার দে বলেন, "আমরা যা পেয়েছি, তা-ই তুলে ধরেছি।" আর পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মো. শাহজাহান আলী মোল্লা এবারের শুমারিকে অন্যগুলো চেয়ে পরিশুদ্ধ বলেই দাবি করেছেন। "আগের অনেক ভুল থেকে শিক্ষা নিয়ে এবার কাজ করেছি আমরা", বলেন তিনি। দেশে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকলেও পরিসংখ্যান ব্যুরোর কার্যক্রমকে ইতিবাচক বলেই মনে করছেন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান 'মেজার্স এভালিউশন'র পরামর্শক ড. আহমেদ আল সাবির। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগে প্রাথমিক ফল প্রকাশ করতেই তারা অনেক সময় নিতো। এবার যথাসময়ে তা করতে পেরেছে। চূড়ান্ত ফলাফলের জন্য যাচাইয়ের প্রক্রিয়াটি সতর্কতার সঙ্গে করার পরামর্শ দিয়েছেন ড. সাবির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন্স সায়েন্স বিভাগের অধ্যাপক একেএম নূরুন্নবী কিছুটা হতাশা প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শহরে ও গ্রামের জনসংখ্যার ধরন নিয়ে কোনো তথ্য আমরা পাইনি। এর সঙ্গে আশ্চর্য হয়েছি, নারী ও পুরুষের সংখ্যা প্রায় সমান দেখে।" এ ক্ষেত্রে একটি ব্যাখ্যা হাজির করেছেন পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক শাহজাহান আলী। তার বক্তব্য চাকরিসহ বিভিন্ন প্রয়োজনে বিদেশে অবস্থানকারীরা আদমশুমারিতে বাদ পড়েছে। গত ১০ বছরে ৪০ লাখের বেশি মানুষ প্রবাসে ঠাঁই নিয়েছে, আর এর ৯৮ শতাংশই পুরুষ বলে জানিয়েছে তিনি। শাহজাহান জানান, এবার জনগণনায় যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান বিভাগ থেকে পাওয়া সফটঅয়্যার ব্যবহার হয়েছে। সহায়তা করেছে ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনএফপিএ-ও। স্বাধীনতার পর ১৯৭৪ সালে দেশে প্রথম আদম শুমারি হয়েছিলো। তখন প্রাথমিক ফলাফলে জনসংখ্যা ৭ কোটি ১৮ লাখ দেখা গেলেও চূড়ান্ত ফলাফলে তা বেড়ে ৭ কোটি ৬৪ লাখ হয়। বিভাগগুলোতে জনসংখ্যা বৃদ্ধির চিত্র ২০০১ সালে ঢাকার জনসংখ্যা ছিলো ৩ কোটি ৯০ লাখ। ১ দশমিক ৮ শতাংশ বেড়ে তা এখন ৪ কোটি ৬৭ লাখ ৩০ হাজার। সিলেটের জন সংখ্যা ৭৯ লাখ ৪০ হাজার থেকে বেড়ে ৯৮ লাখ হয়েছে। বৃদ্ধির হার ২ দশমিক ১ শতাংশ। চট্টগ্রামে জনসংখ্যা ২০০১ সালে ছিলো ২ কোটি ৪২ লাখ, তা বেড়ে হয়েছে ২ কোটি ৮০ লাখ। বৃদ্ধির হার ১ দশমিক ৪ শতাংশ। খুলনায় জনসংখ্যা শূন্য দশমিক ৬ শতাংশ বেড়েছে। ২০০১ সালে ছিলো ১ কোটি ৪৭ লাখ, এখন তা হয়েছে ১ কোটি ৫৫ লাখ। রাজশাহী ২০০১ সালে জনসংখ্যা ছিলো ১ কোটি ৩৮ লাখ, এখন তা হয়েছে ১ কোটি ৫৫ লাখ। বৃদ্ধির হার ১ দশমিক ২ শতাংশ। রংপুরে জনসংখ্যা ১ দশমিক ২ শতাংশ হারে বেড়ে ১ কোটি ৩৮ লাখ থেকে ১ কোটি ৫৬ লাখ হয়েছে। ১০ বছরে বরিশালের লোকসংখ্যা ৮১ লাখ ৫০ হাজার থেকে মাত্র ২০ হাজার বেড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এমআই/২০০০ ঘ.