রাজশাহী, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর চারঘাট উপজেলায় ভারত সীমান্তে পদ্মা নদীতে মাছ ধরার সময় তিন বাংলাদেশিকে আটকের পর বিকালে ছেড়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার চকমুক্তারপুর গ্রামের মাছ ব্যবসায়ী আবদুল জব্বার (৫০), তার ভাতিজা মশিউর রহমান (১৮) এবং মুক্তারপুর গ্রামের জেলে আবুল কাশেমকে (৪০) বিএসএফ সদস্যরা নৌকাসহ আটক করে।
বিজিবির ৩৭ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল গাজী মোহাম্মদ খালেদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, না বুঝে ভারত সীমান্তে তিন জন ঢুকে পড়লে বিএসএফ তাদের আটক করে।
পরে বিএসএফের সঙ্গে ৭২-১০ এস নম্বর পিলারে পতাকা বৈঠকের পর দুপুর পৌনে ৩টার তাদের ছেড়ে দেওয়া হয়।
তিন জনকে ভারতে মুর্শিদাবাদ জেলার খাগমারী বিএসএফ ক্যাম্পে রাখা হয়েছিল বলে জানান খালেদ।
আবদুল জব্বারের বড় ভাই ও মশিউরের বাবা ইউনুস আলী জানান, তার ভাই ও ছেলে পদ্মা নদীর জেলেদের কাছ থেকে মাছ কিনে বাজারে বিক্রি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮৩৭ ঘ.
bdnews24