ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পান্থপথে নির্মাণাধীন একটি বহুতল ভবনের ওপর থেকে মাথায় ইট পড়ে হাবিবুর রহমান মুন্না (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মুন্নার মামা ফারুক ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মুন্না সকালে তার দাদা আবদুল মতিনকে সঙ্গে নিয়ে শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন মা মঞ্জুয়ারা বেগমকে দেখতে যায়। মঞ্জুয়ারা জ্বরে আক্রান্ত হয়ে ১২ জুলাই থেকে ওই হাসপাতালে ভর্তি রয়েছেন।
"হাসপাতালে মাকে দেখে ৭৮/১ পূর্ব তেঁজতুরি বাজারের বাসায় হেঁটে ফেরার সময় সাগুফতা অ্যাপার্টমেন্টের ১২ তলা নির্মাণাধীন ভবনের ওপর থেকে মুন্নার মাথায় একটি ইট পড়ে। সঙ্গে সঙ্গে তাকে শমরিতা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, মুন্না মারা গেছেন।"
মুন্না চলতি বছর রাজধানীর তেজগাঁও কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে বলে জানান ফারুক।
শেরেবাংলা নগর থানার ওসি জিয়াউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় ওই ভবনের পাঁচ জন নির্মাণ শ্রমিককে আটক করা হয়েছে।
মুন্না এক ভাই এক বোনের মধ্যে সবার বড় ছিলেন। তার গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশনের ওসমানগঞ্জে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৭৩৩ ঘ.
bdnews24