পঞ্চগড়/নীলফামারী, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ছিটমহলে জনগণনার কাজ পঞ্চগড়ে শুরু হয়েছে। অপরদিকে নীলফামারীতে শেষ হয়েছে।
পঞ্চগড়ে ভারতের ১৬টি ছিটমহলে জনগণনার কাজ শনিবার সকাল থেকে পুরোদমে শুরু হয়। শুক্রবার বিকালে গারাতি ছিটমহলে ৫টি বাড়িতে গণনার মাধ্যমে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, লালমনিরহাটে প্রশিক্ষণ শেষে পঞ্চগড়ে ফিরে কাজ শুরু করতে দেরি হয়ে যায়। তবু শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে কয়েকটি বাড়িতে গণনার মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হয়। শনিবার সকাল থেকে জনগণনার কাজ পুরোদমে চলছে।
জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া জানান, দুই দেশের গণনাকারীদের যৌথ অংশগ্রহণে গণনার কাজ চলছে। সদর উপজেলার চারটি, দেবীগঞ্জের সাতটি ও বোদায় পাঁচটি ছিটমহলে বাংলাদেশি ৮ জন সুপারভাইজারের নেতৃত্বে ৩৫ জন গণনাকারী এ কাজ করছেন। সমসংখ্যক ভারতীয় গণনারকারীও এতে অংশ নিচ্ছেন বলে জানান জেলা প্রশাসক।
শনিবার সরেজমিনে গারাতি ছিটমহলে গিয়ে দেখা যায়, উভয় দেশের গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে গণনার কাজ করছেন। প্রতি দলে একজন বাংলাদেশি ও একজন ভারতীয় গণনাকারী রয়েছেন। তারা প্রতিটি বাড়িতে গিয়ে নাগরিকদের তথ্য নির্ধারিত ফরমে লিপিবদ্ধ করছেন।
জনগণনা শুরু হওয়ায় ছিটমহলগুলোর অধিবাসীদের মধ্যে বেশ উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
জনগণনার কাজ তদারক করতে আসা ভারতের হলদিবাড়ি জেলার পঞ্চায়েত উন্নয়ন কর্মকর্তা সুব্রত চট্টোপাধ্যায় জানান, গণনার কাজ সুষ্ঠুভাবে চলছে। লোকজনের মধ্যে বেশ আগ্রহও দেখছি।
গারাতি ছিটমহলের নাগরিক কমিটির চেয়ারম্যান মফিদার রহমান বলেন, আমরা জনগণনার কাজকে স্বাগত জানাই। একই সঙ্গে আশা করি, এবার ছিটমহলবাসীর দীর্ঘদিনের সমস্যা সমাধানের একটা উপায় বের হবে।
এদিকে নীলফামারী জেলায় বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় চারটি ছিটমহলে জনগণনা শনিবার শেষ হয়েছে। বাংলাদেশ ও ভারতের ১২ সদস্যের একটি জরিপ দল গত দুদিন এই জনগণনার কাজ করে।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান সাংবাদিকদের জানান, এখানে চারটি ছিটমহলে জনগণনার কাজ শেষ হয়েছে।
তিনি জানান, ৭ দশমিক ৭০ একর আয়তনের ৩০ নম্বর ছিট বড় খানকি খারিজা গিদালদহে ৮টি পরিবারের লোকসংখ্যা মাত্র ৩১ জন, ৩৩ দশমিক ৫০ একর আয়তনের ২৮ নম্বর ছিট বড় খানকিবাড়ি খারিজায় ১২টি পরিবারের ৫৮ জন, ৯৩ দশমিক ৮০ একর আয়তনের ২৯ নম্বর ছিট তালুক বড় খানকিবাড়ি খারিজায় ৩৩টি পরিবারে ১৪২ জন, ৪৯ দশমিক ৩ একর আয়তনের ৩১ নম্বর ছিট জিগাবাড়ির ৪৪টি পরিবারে ২১০ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৭২৫ ঘ.
bdnews24