২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো পাঁচ হাজার নার্স নিয়োগের আশ্বাস প্রধানমন্ত্রীর

নতুন পাঁচ হাজার নার্সের পদ সৃষ্টির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2011, 11:19 AM

Updated : 24 Aug 2022, 03:34 PM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন পাঁচ হাজার নার্সের পদ সৃষ্টির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নার্স সমাবেশ-২০১১ এর উদ্বোধনী অনুষ্ঠানে নার্সিং শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপগুলো তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, "নার্সিং পেশায় কর্মরতদের মধ্যে অধিকাংশই নারী। তাই মানসম্পন্ন ও পেশাদার নার্স তৈরি করতে পারলে নারীর বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ বাড়বে। নারীর ক্ষমতায়ন হবে।" বর্তমান সরকারের সময়ে সময় পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিষয়টি উল্লেখ করে হাসিনা বলেন, "শিগগিরই আরো পাঁচ শতাধিক চিকিৎসক এবং ১৪ হাজার স্বাস্থ্য সহকারী নিয়োগ দেওয়া হবে। পাঁচ হাজার নার্সের পদ সৃষ্টির বিষয়টি প্রক্রিয়াধীন আছে।" নাগরিক সেবা নিশ্চিত করার জন্য রাজনৈতিক পরিচয় বড় করে না দেখে সরকার সবার জন্য কাজের পরিবেশ সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, "আপনারা কে, কাকে ভোট দেবেন- সেটা আপনাদের নিজস্ব বিষয়। আমরা সবার জন্য কাজের পরিবেশ সৃষ্টি করছি। যাতে জনগণের সেবা নিশ্চিত হয়।" স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা আনুপাতিক হারে বাড়ানো হবে বলে জানান তিনি। বিদেশে নার্সিং পেশার প্রচুর চাহিদার কথা তুলে ধরে হাসিনা বলেন, এ ক্ষেত্রে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে বেশকিছু নার্স চাকরি নিয়ে বিদেশে গেছে। আমরা বিশ্বমানের নার্স তৈরি করতে পারলে দেশীয় হাসপাতাল ও ক্লিনিকগুলোতে সেবার মান বাড়বে।" নিজ পেশার প্রতি নার্সদের আরো সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "দায়িত্ব পালনের সময়ে আপনাদের মনে রাখতে হবে- নার্সিং একটি মহৎ পেশা।... এই পেশার প্রতি আপনাদের নিবেদিত থাকতে হবে।" নার্সদের পদপর্যাদা তৃতীয় থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে 'বিএসসি ইন নার্সিং' কোর্স চালু করার বিষয়টি উল্লেখ করেন হাসিনা। এছাড়া নার্সিংয়ে পিএইচডি অর্জনের জন্য সরকারি খরচে তাদের বিদেশে পাঠানোসহ উচ্চতর প্রশিক্ষণের জন্য ১৮৭ জন নার্সকে বিদেশে পাঠানোর বিষয়টিও তুলে ধরেন তিনি। ডিপ্লোমা নার্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েসনের সভাপতি ইসমত আরা পারভীনের সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির ও স্বাস্থ্য সচিব হুমায়ুন কবির। অনুষ্ঠানে স্বাধীনতার পর স্বাস্থ্য সেবার উন্নয়নে বঙ্গবন্ধুর নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/এমআই/১৭০০ ঘ.