২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বনে মাদ্রাসা ছাত্রীর লাশ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় মুনিয়া (১২) নামের এক মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2011, 11:15 AM

Updated : 24 Aug 2022, 03:34 PM

গাজীপুর, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের শ্রীপুর উপজেলায় মুনিয়া (১২) নামের এক মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার বড়তৈল গ্রামে আকাশি বন থেকে লাশটি উদ্ধার করা হয়। মুনিয়া ওই গ্রামের দুবাই প্রবাসী মিয়ার উদ্দিনের বড় মেয়ে। সে স্থানীয় শালদহপাড়া মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিলো। মুনিয়ার মা ফাতেমা বেগম সাংবাদিকদের জানান, তিনি শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে মুনিয়া ও ছোট মেয়ে সুমাইয়াকে বাড়িতে রেখে মেঝো মেয়ে মীমকে সঙ্গে নিয়ে স্থানীয় ফুলবাড়ীয়া বাজারে যান। সন্ধ্যায় বাড়ি ফিরে তিনি সুমাইয়াকে আতঙ্কিত অবস্থায় দেখতে পান। মুনিয়া কোথায় জানতে চাইলে সুমাইয়া জানায়, তিনজন লোক জোর করে তুলে নিয়ে গেছে। জঙ্গলের ভেতর বাড়ি হওয়ায় আশপাশের কোনো লোকজনও এ ঘটনা টের পায়নি। ফাতেমা বিভিন্ন জায়গায় মুঠোফোনে যোগাযোগ করে লোকজন জমায়েত করলে তারা খোঁজাখুঁজি শুরু করে। শুক্রবার গভীর রাতে বাড়ির পাশেই বনের ভেতর গলায় প্যাঁচানো ওড়না ও পরনের জামা ছেঁড়া অবস্থায় এলাকাবাসী মুনিয়ার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। শ্রীপুর থানার ওসি নাজমুল হক ভুইয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৭১৬ ঘ.