নারায়ণগঞ্জ, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে এক কলেজ ছাত্রকে খুন করেছে দুর্বৃত্তরা।
শনিবার সকাল ১১টায় তার ঘর থেকে পুলিশ লাশ উদ্ধার করে।
নিহত নবীর হোসেন (২২) মধ্য সানারপাড় এলাকার রূপচাঁন মিয়ার ছেলে। সে সরকারি তোলারাম কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
নবীর হোসেনের বাবা রূপচাঁন মিয়া সাংবাদিকদের জানান, শুক্রবার রাতে বাড়িতে নিজের ঘরে কয়েকজন বন্ধুদ সঙ্গে গল্প করছিল নবীর হোসেন। সকাল ১০টার দিকে তাকে ডাকতে গিয়ে ঘরের দরজা বাইরে থেকে বন্ধ পাওয়া যায়। পরে দরজা খুলে মেঝেতে দেখা যায় তার রক্তাক্ত লাশ।
ওই সময়ে ঘরের বিভিন্ন স্থানে কয়েকটি তাস ছড়িয়ে ছিটিয়ে ছিল। নবীর প্রায়ই ঘনিষ্ট বন্ধুদের নিয়ে ঘরে তাস খেলতো বলে তার বাবা জানান।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল আলম মোল্লা জানান, নিহতের গলা ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডে বন্ধুদের সম্পৃক্ততা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫৬ ঘ.
bdnews24