২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল ফোন আনতে গিয়ে প্রাণ হারালো লালচান

বরিশালে বালিবাহী ডুবন্ত বলগেট থেকে মোবাইল ফোন আনতে গিয়ে প্রাণ হারিয়েছে লাল চান (১৮) নামে এক শ্রমিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2011, 10:38 AM

Updated : 24 Aug 2022, 03:34 PM

বরিশাল, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বরিশালে বালিবাহী ডুবন্ত বলগেট থেকে মোবাইল ফোন আনতে গিয়ে প্রাণ হারিয়েছে লাল চান (১৮) নামে এক শ্রমিক। শনিবার ভোররাতে কীর্তনখোলা নদীর ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ফেরিঘাট অংশে এ ঘটনা ঘটে। লালচান নলছিটি উপজেলার পয়ারচর গ্রামের বাসিন্দা রুস্তম গাজীর ছেলে। মোমিন এন্টারপ্রাইজ নামের ডুবে যাওয়া বলগেটে শ্রমিক হিসাবে কাজ করত সে। এ ঘটনায় বেঁচে যাওয়া শ্রমিক কামাল জানায়, বালি বোঝাই বলগেটটি শুক্রবার রাতে দপদপিয়া ফেরিঘাটের কিছু দূরে নোঙর করা ছিলো। শনিবার ভোরে বাথরুমে যাওয়ার জন্য উঠে কামাল দেখতে পান বলগেটটি ডুবে যাচ্ছে। তিনি ঘুমন্ত দু'শ্রমিক লালচান ও পারভেজকে বলগেট থেকে উঠিয়ে দেন। এ সময় বলগেটের ভেতর মোবাইল সেট ও মালামাল আনতে যায় লালচান। মুহুর্তে বলগেটটি ডুবে যায়। শনিবার সকাল ১০টার দিকে তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নলছিটি থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, এই ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৬৩৫ ঘ.