২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বিভাগ নিয়ে অসন্তোষ আইনমন্ত্রীর

মামলা জট বাড়ায় বিচার ব্যবস্থার প্রতি দেশের মানুষ বিশ্বাস হারাচ্ছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2011, 10:25 AM

Updated : 24 Aug 2022, 03:34 PM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মামলা জট বাড়ায় বিচার ব্যবস্থার প্রতি দেশের মানুষ বিশ্বাস হারাচ্ছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। শনিবার বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিকল্প বিরোধ নিষ্পত্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, দেশের আদালতে এখন প্রায় তিন মিলিয়ন (৩০ লাখ) মামলা বিচারাধীন। প্রতিদিন নতুন মামলা দায়েরের ফলে এ হার আরো বাড়ছে। নিষ্পত্তির হারও উৎসাহব্যঞ্জক নয়। "এ অবস্থায় মানুষ সুপ্রিম কোর্ট তথা সমগ্র বিচার ব্যবস্থার প্রতি বিশ্বাস হারাচ্ছে", বলেন শফিক। আদালতে মামলা জট কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি আইন কাজে লাগাতে পরামর্শ দিয়েছেন তিনি। এতে দুর্নীতিও কমে আসবে বলে মনে করেন তিনি। আইনমন্ত্রী বলেন, "মামলার একটি তারিখ পেতে দেখা যায় ঘুষ দিতে হয়। নির্ধারিত তারিখে বিচারপ্রার্থীরা সাক্ষী নিয়ে এসে দেখে যে বিচারক থাকে না।" "এটা (বিকল্প বিরোধ নিষ্পত্তি) এমন পদ্ধতি যেখানে বিচারপ্রার্থী ও অভিযুক্তরা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করে", বলেন তিনি। এ পদ্ধতি সম্পর্কে বিচাররপ্রার্থীদের সচেতন করে তুলতেও সবার প্রতি আহ্বান জানান মন্ত্রী। অনেক বিচারকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আসছে জানিয়ে তিনি এ বিষয়ে সবাইকে সতর্কও করে দেন। নিু আদালতের দৈনন্দিন কার্যাবলী তদারক করতে বিচার বিভাগের আলাদা একটি সচিবালয় থাকা উচিত বলে মত দেন আইনমন্ত্রী। যুক্তরাষ্ট্রের লসএঞ্জেলসের লয়োলা ল' স্কুল ফর কনফ্লিক্ট রেজুলেশনের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্স লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইট স্টাডিজ (সেইলস) এবং বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউট যৌথভাবে কর্মশালাটি আয়োজন করেছে। কর্মশালায় ১৮ জন বিচারক ও ১১ জন আইনজীবী অংশ নিচ্ছেন। আগামী ২৩ জুলাই এ কর্মশালা শেষ হবে। বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত মহাপরিচালক মফিজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, যুগ্ম আইন সচিব অতিশ রঞ্জন দাস, লয়োলা ল' স্কুলের পরিচালক অধ্যাপক ম্যারি বি. কালবার্ট, লয়োলা ল' স্কুলের অধ্যাপক হিরো এন আরাগাকি, সেইলসের উপ-পরিচালক ড. উত্তম কুমার দাস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/এমআই/১৬০০ ঘ.