২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের প্রবীণ সাংবাদিক সুধীন্দ্র বিজয় দাশের মৃত্যু

সিলেটের প্রবীণ সাংবাদিক সুধীন্দ্র বিজয় দাশ আর নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2011, 10:01 AM

Updated : 24 Aug 2022, 03:34 PM

সিলেট, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের প্রবীণ সাংবাদিক সুধীন্দ্র বিজয় দাশ আর নেই। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।ঘনিষ্ঠজনরা সুধীন্দ্র বিজয়কে ‘সলু বাবু’ নামে ডাকতেন। তার বয়স হয়েছিলো ৭৯ বছর। সুধীন্দ্র দাশের জন্ম ১৯৩২ সালে সিলেট শহরের মাছুদিঘীরপারের এক শিক্ষিত পরিবারে।১৯৬৫ সাল থেকে বিভিন্ন সময়ে ইষ্টার্ন হেরাল্ড, সাপ্তাহিক যুগভেরী, দেশবার্তা, সিলেট বাণী, পাকিস্তান অবজারভার, বাংলাদেশ অবজারভার ও ডেইলি স্টারে কাজ করেন তিনি। প্রবীণ এ সাংবাদিক ও আলোকচিত্রী সিলেটের বেশ কয়েকটি সংবাদপত্রের পরামর্শক ছিলেন। ছিলেন সমকালীন সমাজ বিশ্লেষকও। সিলেট ও আসামের কাছাড়ের ইতিহাস নিয়েও তার গবেষণা রয়েছে। সিলেটের মানুষ ও ঐতিহ্য নিয়েও তিনি আলোকচিত্রে অনেক কাজ করে গেছেন। সমবায় আন্দোলনেও তার অবদান রয়েছে। গত শতকের '৯০ এর দশকে সিলেট সমবায় ব্যাংকের অনারারি সেক্রেটারি ছিলেন তিনি। মৃত্যুর কিছুদিন আগে তিনি সুনির্মল কুমার দেব মীনের ‘হিজরি সনের ইতিহাস’ বইটি ইংরেজিতে ভাষান্তর ও সম্পাদনা করে গেছেন। এর আগে তিনি নুরুল ইসলামের ‘প্রবাসীর কথা’ বইটি নিয়েও গবেষণা ও সম্পাদনা করেন। সুধীন্দ্র বিজয় দাশের ছেলে রাজিব দাশ সাংবাদিকদের জানান, তার বাবা কিছুদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। তাকে বুধবার হাসপাতালে ভর্তি করা হয়। তার মরদেহ সিলেট হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। রোববার বিকাল ৪টায় চালিবন্দর শ্মশানঘাটে প্রয়াতের শেষকৃত্য হবে। সুধীন্দ্র দাশের স্ত্রী বন্দনা দাশও ১৭ ফেব্রুয়ারী মারা যান। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। সুধীন্দ্র দাশের বড় ছেলে বিশ্বদীপ দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর স্পেশাল অ্যাফেয়ার্স এডিটর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৫৫০ঘ.