ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত থেকে বিদ্যুৎ আমদানির সিদ্ধান্ত আত্মঘাতী হবে বলে মনে করছেন গ্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিবি) চেয়ারম্যান ফেরদৌস আহমদ কোরেশী।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "ভারত থেকে বিদ্যুৎ আমদানির জন্য একটি চুক্তি শিগগির হতে যাচ্ছে। ভারত তার ব্যবসায়িক স্বার্থে এটি করছে। এভাবে বাংলাদেশ কিছু ভারতীয় কোম্পানীর বিদ্যুৎ ব্যবসার 'ক্যাপটিভ মার্কেটে' পরিণত হবে।"
সম্ভাব্য চুক্তিতে এ বিদ্যুৎ আমদানির জন্য বাংলাদেশের নিজস্ব অর্থায়নে সঞ্চালন লাইন স্থাপন করতে হবে জানিয়ে তিনি বলেন, এতেও বাংলাদেশ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
এছাড়া বাগেরহাটে সুন্দরবন এলাকায় কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হলে তাতে পরিবেশের বির্পযয় ঘটবে বলে শঙ্কা প্রকাশ করেন কোরেশী।
বিদ্যুৎ খাতকে স্বনির্ভর করার জন্য নবায়নযোগ্য বিকল্প জ্বালানী, সৌর ও বায়ু শক্তি ব্যবহারে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান পিডিপি'র চেয়ারম্যান।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- স্থায়ী কমিটির সদস্য বদিউল আলম, কোষাধ্যক্ষ নুরুল আজাহার শামীম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৫০৯ ঘ.
bdnews24