চট্টগ্রাম, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাকশাল গঠনের কথা আওয়ামী লীগকে স্মরণ করিয়ে বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, পঞ্চদশ সংবিধান সংশোধনেও তড়িঘড়ি হয়েছে, যার পরিণাম কখনো শুভ হয় না।
শনিবার চট্টগ্রামের আগ্রাবাদ হোটেলে পঞ্চদশ সংবিধান সংশোধন নিয়ে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে গত ৩০ জুন সংসদে পাস হয় পঞ্চদশ সংবিধান সংশোধন বিল। বিএনপি শুরু থেকেই এতে আপত্তি জানিয়ে আসছে। তবে সরকারের আহ্বান সত্ত্বেও সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় যুক্ত হয়নি তারা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ বলেন, সুপ্রিম কোর্টে রায়ের অপব্যাখ্যা করে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করা হয়েছে।
নির্দলীয় সরকার ছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেশে অসম্ভব দাবি করে তিনি বলেন, অতীতে কখনো দলীয় সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন হয়নি।
সংবিধান সংশোধনের এ বিষয়ে বিরোধী দলের সঙ্গে আলোচনায় সরকার আন্তরিকতার ঘাটতি ছিলো বলেও অভিযোগ করেন মোশাররফ।
তিনি বলেন, "তড়িঘড়ি করে সংবিধান সংশোধন হয়েছে। বঙ্গবন্ধুর আমলে বাকশাল গঠনের সময়ও তড়িঘড়ি করা হয়েছিলো। এ রকম তড়িঘড়ির পরিণাম কখনো শুভ হয় না।"
১৯৭৫ সালে সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে সব দল বিলুপ্ত করে বাকশাল গঠন হয়েছিলো। এর আট মাসের মাথায় সপরিবারে নিহত হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
আলোচনা সভায় মূল প্রবন্ধ পড়ে শোনান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। আলোচনায় অংশ নেন সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য হায়দার আকবর খান রনো, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি রোকনউদ্দিন মাহমুদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৪৩৮ ঘ.
bdnews24