ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আগারগাঁও এলাকায় বাসের ধাক্কায় সময় টেলিভিশনের যুগ্ম-বার্তা সম্পাদক বেলাল হোসেন নিহত হয়েছেন।
শনিবার দুপুর ১২টার দিকে আগারগাঁও বিসিএস কম্পিউটার সিটির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বেলালের স্বজনরা জানিয়েছেন।
বেলালের (৩৩) বাসা উত্তর কাজিপাড়ায়। তিনি কম্পিউটার কিনতে শ্যালক-শ্যালিকাকে নিয়ে রিকশায় করে কম্পিউটর সিটিতে যাচ্ছিলেন।
নিহতের শ্যালক মাইনুল ইসলাম সোহাগ ঢামেক হাসপাতালে সাংবাদিকদের বলেন, তারা সবাই একটি রিকশায় ছিলেন। একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে বেলাল ছিটকে পড়েন।
দুপুর পৌনে ১টার দিকে বেলালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দুই বছরের মেয়ে মুন্নিসহ রিকশার অন্য আরোহীরা অক্ষত আছেন।
সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার তাছনিন আফরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলাল হোসেন তার প্রতিষ্ঠানের অন্যতম যুগ্ম-বার্তা সম্পাদক।
কাফরুল থানার ওসি আব্দুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাস্থলে এক জন অফিসার পাঠিয়েছি।
বাসটি আটকের কথা জানালেও চালক আটক কিনা, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৩৫৫ ঘ.
bdnews24