২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিএসপি সার: অযাচিত সিদ্ধান্তে বছরে কয়েকশ কোটি টাকা গচ্চা

ট্রিপল সুপার ফসফেইট (টিএসপি) আমদানির ক্ষেত্রে ৫ বছর আগে বেঁধে দেওয়া একটি উপাদানের মাত্রা পূরণ করতে গিয়ে সরকারকে বছরে কয়েকশ কোটি টাকার অতিরিক্ত ভর্তুকি দিতে হচ্ছে, যদিও এ শর্ত পূরণ অপরিহার্য নয় বলে কৃষি গবেষকরা বলছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2011, 04:46 AM

Updated : 24 Aug 2022, 03:34 PM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রিপল সুপার ফসফেইট (টিএসপি) আমদানির ক্ষেত্রে ৫ বছর আগে বেঁধে দেওয়া একটি উপাদানের মাত্রা পূরণ করতে গিয়ে সরকারকে বছরে কয়েকশ কোটি টাকার অতিরিক্ত ভর্তুকি দিতে হচ্ছে, যদিও এ শর্ত পূরণ অপরিহার্য নয় বলে কৃষি গবেষকরা বলছেন। ২০০৬ সালের ১৭ মে সরকারের এক আদেশে বলা হয়, আমদানি করা টিএসপির ক্ষেত্রে 'টোটাল ফসফেইট' (পি ২০৫) হতে হবে ৪৬ শতাংশ এবং 'ওয়াটার সল্যুবল' (পি ২০৫) হতে হবে ৪০ শতাংশ। ১৯৯৫ সালে প্রথম এ আদেশ জারি হয়। এরপর ২০০৫ সালের ১৫ ডিসেম্বর আগের আদেশ বাতিল করে 'টোটাল ফসফেইট' ৪৪ শতাংশ এবং 'ওয়াটার সল্যুবল' ৩৬ শতাংশ নির্ধারণ করা হয়। ২০০৬ সালের আদেশ জারির পর ২০০৫ সালের আদেশটি বাতিল হয়ে যায় এবং 'টোটাল ফসফেইট' ৪৬ শতাংশ এবং 'ওয়াটার সল্যুবল' ৪০ শতাংশে পুনর্র্নিধারণ করা হয়। টিএসপির ক্ষেত্রে ওই পরিমাণ মাত্রা না থাকলে ফসলের কোনো ক্ষতি হয় না বলে জানিয়েছেন সার নিয়ে গবেষণাকারী একটি শীর্ষ প্রতিষ্ঠানের দুজন বিজ্ঞানী। আর সরকারি সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় যুক্তদের কাছেও মেলেনি সদুত্তর। ওয়াটার সল্যুবল কত শতাংশ হবে তার মানে হলো- সার কত সময়ে পানিতে মিশে যাবে। তাই ওয়াটার সল্যুবলের মাত্রার ওপর টিএসপির গুণাগুণ নির্ভর করে না বলে মনে করেন আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের (আইএফডিসি) ইউরেশিয়া বিভাগের পরিচালক জন এইচ অ্যালগুড। তিনি বলেন, "পানিতে দ্রবণীয়তার মাত্রা কম হলেই এটা বলা চলে না যে টিএসপি নিুমানের।" আইএফডিসি বাংলাদেশে কর্মরত একজন বৈজ্ঞানিক নাম প্রকাশ না করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "টিএসপিতে ওয়াটার সল্যুবল মাত্রা ৪০ শতাংশের কম থাকলে চলবে না, এরকম কোনো প্রমাণ নেই। ওয়াটার সল্যুবল ৩৮ বা ৩৯ শতাংশের টিএসপিতে ফসল উৎপাদন কম হয় এরকম প্রমাণও আমরা পাইনি।" ওয়াটার সল্যুবল ৩৮ থেকে ৩৯ মাত্রার টিএসপি পাওয়া যায় চীনে। আর ৪০ মাত্রার টিএসপি পাওয়া যায় তিউনিশিয়া, মরক্কো, লেবানন, যুক্তরাষ্ট্র প্রভৃতি রাষ্ট্রে। ওয়াটার সল্যুবল মাত্রা ৪০ নির্ধারিত থাকায় বর্তমানে বাংলাদেশে বেশিরভাগ টিএসপি আমদানি হচ্ছে তিউনিশিয়া, মরক্কো ও লেবানন থেকে। কিছু টিএসপি চীন থেকেও আমদানি হচ্ছে। কৃষি মন্ত্রণালয়ের হিসাবে, গত অর্থবছরে প্রতি মেট্রিক টন (১০০০ কেজি) টিএসপি আনতে খরচ হয়েছে ৪৮ হাজার টাকা। কৃষক পর্যায়ে তা বিক্রি হয়েছে ২২ হাজার টাকায়। অর্থাৎ সরকারকে প্রতি মেট্রিক টনে ২৬ হাজার টাকা ভর্তুকি দিতে হচ্ছে। সার গবেষক ও ব্যবসায়ীদের হিসাবে, ৩৮ থেকে ৩৯ মাত্রার টিএসপি আমদানি করলে প্রতি মেট্রিক টনে সরকারের প্রায় ১২৫ ডলার অর্থাৎ প্রায় ১০ হাজার টাকা সাশ্রয় হতো। চলতি বছর টিএসপি আমদানির লক্ষ্যমাত্রা প্রায় ৫ লাখ মেট্রিক টন বলে কৃষি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কামরুল আশরাফ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওয়াটার সল্যুবলের মাত্রা কমিয়ে টিএসপি আমদানির অনুমতি দেওয়ার জন্য আমরা অনেক আগেই মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়ে রেখেছি। কিন্তু আমাদের কথায় তারা কোনো সাড়া দিচ্ছে না।" "কম মাত্রার টিএসপি আনলে দাম কম পড়বে। এতে কৃষকরা কম দামে সার পাবে," বলেন তিনি। সারের গুণাগণসহ বিভিন্ন বিষয় নির্ধারণ করে কৃষি সচিবের নেতৃত্বাধীন জাতীয় সার প্রমিতকরণ কমিটি। 'সার বিষয়ক কারিগরি উপকমিটি'র সুপারিশেই এ কমিটি সিদ্ধান্ত নেয়। এ উপকমিটির আহ্বায়ক হলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসির) সদস্য-পরিচালক (প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা) ড. এ এ হাসান। ওয়াটার সল্যুবল ৩৮ বা ৩৯ শতাংশ থাকলে ফসলের কী ক্ষতি হয়, তা নিয়ে কোনো গবেষণা রয়েছে কি না- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর পক্ষ থেকে এ প্রশ্ন করা হলে উত্তর এড়িয়ে যান হাসান। তিনি শুধু বলেন, "সচিবের নেতৃত্বাধীন কমিটি বিভিন্ন বিষয় নির্ধারণ করে দেওয়ার পর উপাদানগুলো আছে কি না, আমরা শুধু তা পরীক্ষা করে দেখি।" কৃষিসচিব বিদেশ থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। জাতীয় সার প্রমিতকরণ কমিটির সহ-সভাপতি ও অতিরিক্ত কৃষি সচিব (প্রশাসন ও উপকরণ) কাজী আখতার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "এ কমিটির একটি সভাতেও আমি উপস্থিত হতে পারিনি। তাই এ বিষয়ে কিছু বলতে পারছি না।" (১ ডলার = ৭৩ টাকা) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১০৪০ ঘ.