শহীদুল ইসলাম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেওয়াল ঘেষে দাঁড় করানো দুটি ক্র্যাচ; পাশেই হুইল চেয়ার। তার ওপরে সাজানো নয়টি বই, একটি খাতা। এগুলোকে সঙ্গী করেই রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে দিন কাটছে র্যাবের কথিত বন্দুকযুদ্ধে পঙ্গু কলেজছাত্র লিমন হোসেনের।
বুকে ব্যথা অনুভব করায় গত জুনে পঙ্গু হাসপাতাল ছেড়ে ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি হন লিমন। কম্পিউটার না জানলে ভালো চাকরি হয় না- এমন ধারণা থেকে হাসপাতালে বসে কলেজের পড়াশোনার পাশাপাশি কম্পিউটারও শিখছেন তিনি।
লিমন জানান, গণস্বাস্থ্য নগর হাসপাতালের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরীই তাকে হাসপাতালে বসে কম্পিউটার শেখার সুযোগ করে দিয়েছেন।
গত ২৩ মার্চ ঝালকাঠীর রাজাপুরে র্যাবের গুলিতে আহত হন উচ্চ মাধ্যমিকের ছাত্র লিমন হোসেন। পরে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হলে তার একটি পা কেটে ফেলতে হয়। লিমনের দাবি, র্যাব সদস্যরা তাকে ধরে নিয়ে গুলি করেছে।
যদিও র্যাব বলছে, লিমনসহ তার পুরো পরিবারই সন্ত্রাসীদের সঙ্গে সংশ্লিষ্ট। এই অভিযোগে দুটো মামলাও করেছে লিমনের বিরুদ্ধে। হত্যাচেষ্টার অভিযোগে র্যাবের বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন লিমনের মা হেনোয়ারা বেগম।
গণস্বাস্থ্য নগর হাসপাতালের তৃতীয় তলায় ১৮ নম্বর বিছানায় বসে লিমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, যেভাবেই হোক ২০১২ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেবেন তিনি। এর জন্য প্রস্তুতিও নিচ্ছেন। বাড়ি থেকে নিয়ে এসেছেন নয়টি কোর্সের পাঠ্য বই। হাসপাতালেই চলছে বাণিজ্য বিভাগের এই শিক্ষার্থীর প্রতিদিনের লেখাপড়া।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে 'এ' গ্রেড নিয়ে এসএসসি পাস করেন লিমন। চলতি বছর তার এইচএসসি পরীক্ষায় বসার কথা থাকলেও র্যাবের গুলির কারণে তা আর হয়নি।
আগামী বছর পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতির পাশাপাশি প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত কম্পিউটার শিখছেন লিমন। হাসপাতালের কম্পিউটার শাখার কর্মী জুবায়ের সহায়তা করছেন তাকে। গত এক মাসের চেষ্টায় কম্পিউটারে ইংরেজি ও বাংলা টাইপ করতে শিখে গেছেন ঝালকাঠির ছেলে লিমন।
"এক পা নেই। অন্য সবার মতো বাইরে কাজ করতে সমস্যা হবে। তাই এইচএসসি পাস করে সিএ পড়ে ব্যাংক বা বসে কাজ করা যায় এমন কোনো প্রতিষ্ঠানে কাজ করতে চাই," বললেন তিনি।
মানবাধিকার নেত্রী হামিদা হোসেন আটটি এবং টিআইবির চেয়ারপার্সন সুলতানা কামাল চারটি গল্পের বই দিয়েছেন লিমনকে। হাসপাতালের দিনগুলোতে ভালোই সঙ্গ দিচ্ছে বইগুলো। এর মধ্যেই পাঁচটি বই পড়ে ফেলেছেন লিমন।
দুই ভাই এক বোনের মধ্যে সবার ছোট লিমনকে রাতের বেলা হাসপাতালে একাই থাকতে হচ্ছে। বাবা-মা, আত্মীয়-স্বজনরা দিনের বেলায় তাকে দেখে আবার চলে যান। তবে হাসপাতালের ডাক্তার, নার্সসহ সবাই সহযোগিতা করছেন এই কিশোরকে।
মা হেনোয়ারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সব কিছুর পর একটাই সান্ত্বনা- লিমন বেঁচে আছে।"
নকল পা লাগালেও লিমন আর আগের মতো হাঁটতে পারবে না- এ আক্ষেপটুকুও তার থাকছে। ছেলের পঙ্গু দশার জন্য দায়ী র্যাব সদস্যদের গ্রেপ্তারের দাবিতে ১৪ জুলাই ঝালকাঠীর জেলা পুলিশ সুপারকে একটি স্মারকলিপি দিয়েছেন হেনোয়ারা।
ওই ঘটনায় র্যাব ও প্রশাসনের পক্ষ থেকে পাঁচটি দল তদন্ত করলেও এ পর্যন্ত কোনো দলের তদন্ত প্রতিবেদনই প্রকাশ করা হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলে আসছেন, এ বিষয়ে পরে জানানো হবে।
র্যাবের মামলায় আদালতের নির্দেশে গত ৩ মে লিমনকে ঝালকাঠী কারাগারে পাঠানো হয়। এরপর ৫ মে তাকে ছয় মাসের জামিন দেয় হাইকোর্ট। জামিনের তিন দিন পর বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পান লিমন।
এরপর উন্নত চিকিৎসার জন্য লিমনকে আবারো ভর্তি করা হয় ঢাকার পঙ্গু হাসপাতালে। সেখান থেকে জুন মাসে আসেন গণস্বাস্থ্য নগর হাসপাতালে।
এই হাসপাতালের চিকিৎসক মো. আলাউদ্দিন জানান, প্রতিদিন দুইবার লিমনের পায়ে থেরাপি দেওয়া হচ্ছে। পায়ে শক্তি ফিরে না আসা পর্যন্ত এ থেরাপি চলবে।
"থেরাপি শেষ হলে কৃত্রিম পা সংযোজন করা হবে। লিমনের জন্য একটি কৃত্রিম পা তৈরিরও কাজ চলছে," জানালেন তিনি।
লিমন জানান, কৃত্রিম পা সংযোজনের বিষয়ে গত ১৩ জুলাই পঙ্গু হাসাপাতালের ডা. মোফাখখারুল বারীর সঙ্গে দেখা করেছেন তিনি। সব কিছু ঠিক থাকলে দুই মাস পর এই পা সংযোজন করা হবে।
পা লাগানো হলে ক্র্যাচ ছাড়াই হাঁটতে পারবেন- এমন আশায় বুক বাঁধেছেন লিমন। নিজেকে প্রতিষ্ঠিত করতেও নিচ্ছেন নানা প্রস্তুতি।
তবে র্যাবের মামলায় যদি সাজা হয়- তখন কী হবে? লিমন বলেন, "ভাই দোয়া করেন, আমার স্বপ্ন যেন ভেঙে না যায়"।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১০১০ ঘ.
bdnews24