রাজশাহী, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজশাহীর তানোর থানার ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।
শুক্রবার ওসি আজিজুল হক সরকারকে ক্লোজড করা হয় বলে রাজশাহীর পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) এসএম রোকন উদ্দিন জানান।
তিনি বলেন, "প্রশাসনিক কারণে ওসিকে ক্লোজড করা হয়েছে।"
তবে ধারণা করা হচ্ছে স্থানীয় একটি পত্রিকার সাংবাদিককে 'হয়রানি'র অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ব্যাপারে এসপি এসএম রোকন উদ্দিন বলেন, এমন ঘটনা ঘটলে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানায়, রাজশাহী থেকে প্রকাশিত 'দৈনিক সোনার দেশ' পত্রিকায় গত বুধবার (১৩ জুলাই) জেলার বিভিন্ন থানা-পুলিশের চালচিত্র নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এর মধ্যে তানোর থানা পুলিশ নিয়েও বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়।
পত্রিকাটির তানোর প্রতিনিধি ইমরান হোসাইন অভিযোগ করেন, সংবাদটি প্রকাশের জের ধরে বৃহস্পতিবার তাকে থানায় ডেকে ওসি লাঞ্ছিত করেন। একইদিন স্থানীয় এক দোকানদারকে দিয়ে তার বিরুদ্ধে ওসি একটি চাঁদাবাজির সাজানো মামলাও করান।
মামলার সূত্র ধরে বৃহস্পতিবার রাতে তানোর থানার উপ-পরিদর্শক সোলাইমান কয়েকজন পুলিশ সদস্য ও মামলার বাদী দেলোয়ারকে নিয়ে পৌর এলাকার চাঁদপুর গ্রামে ইমরানের বাড়ি যায়। তাকে না পেয়ে পরিবারের সদস্যদের লাঞ্ছিত করে।
ইমরানের স্ত্রী তহমিনা সাংবাদিকদের অভিযোগ করেন, রাত আড়াইটার দিকে এসআই সোলাইমান পুলিশ ফোর্স ও দেলোয়ারকে নিয়ে বাড়িতে ঢুকে ইমরানের খোঁজ করে। ইমরানকে না পেয়ে তাকে অকথ্য ভাষায় গালগাল দেয় এবং তাদের ঘুমন্ত শিশুকে বিছানা থেকে টেনে হেঁচড়ে তুলে ফেলে। ঘরের আসবাবপত্র তছনছ করে।
এ ব্যাপারে ওসি আজিজুল হক সাংবাদিকদের বলেন, চাঁদাবাজির মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ ইমরানের বাড়ি গিয়ে তাকে না পেয়ে ফিরে আসে।
এসআই সোলাইমান কাউকে লাঞ্ছিত করা হয়নি বলে দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫১ ঘ.
bdnews24