রাজশাহী, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আদিবাসী নারী ধর্ষণ ও খুনের অভিযোগ স্বীকার করে জবানবন্দি দিয়েছে দুই আসামি।
শুক্রবার রাজশাহীর অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম রেজাউল ইসলাম ১৬৪ ধারায় এই জবানবন্দি গ্রহণ করেন।
এ দুই আসামি হলেন যোহান মারান্ডি (২৫) ও অমল কিস্কু (১৮)।
রাজশাহীর পুলিশ সুপার এসএম রোকন উদ্দিন জানিয়েছেন, জবানবন্দিতে দুই আসামি মরিয়মকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে।
মামলার নথি থেকে জানা যায়, গত ৯ জুলাই (শনিবার) রাতে উপজেলার শিমুল গ্রামের বাড়ি থেকে মরিয়ম মুরমুকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।
পরদিন গ্রামের একটি গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তার লাশ পাওয়া যায়।
গাদাগাড়ী থানার ওসি জাকিরুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের ছেলে উইলিয়াম মুরমু বাদী হয়ে তার বড় চাচা বিশ্বনাথ মারান্ডিকে প্রধান আসামি করে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করেন।
সোমবার বিশ্বনাথকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজতে নেয় পুলিশ।
বৃহস্পতিবার সকালে একই গ্রামের যোহান মারান্ডি, অমল কিস্কু, ইকবাল ও আম্ব্রিয়ান মারান্ডিকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার দুপুরে তাদের আদালতে হাজির করা হয়।
ওসি জাকিরুল ইসলাম আরো জানান, আদালতের নির্দেশে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২১ ঘ.
bdnews24