২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে দুই 'বাহিনী'র সংঘর্ষে নিহত ১

আধিপত্য বিস্তার নিয়ে কক্সবাজারের মহেশখালী উপজেলায় দুই 'বাহিনী'র সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হন অন্তত ১৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2011, 05:24 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

কক্সবাজার, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তার নিয়ে কক্সবাজারের মহেশখালী উপজেলায় দুই 'বাহিনী'র সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হন অন্তত ১৫ জন। শুক্রবার দুপুরে হোয়ানক ইউনিয়নের কেরুনতলী বাজারে এই সংঘর্ষে নিহত হন প্রয়াত বকসু মেম্বারে ছেলে জয়নাল আবেদীন (২৭)। আহতদের মধ্যে আবুল হাশেম (৪০), কুতুবউদ্দিন (৩৫) ও আনছার হোসেনকে (৩০) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিদের নাম জানা যায়নি। এই ঘটনায় পুলিশ কেরনতলী বাজারের মোহাম্মদ মহসিন (৩৫), আবুল হাশেম (২২) ও কুতুব উদ্দিন (১৮) নামের তিনজনকে গ্রেপ্তার করেছে। মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদ কবির সাংবাদিকদের জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও চিংড়ি ঘেরের দখল নিয়ে দীর্ঘদিন ধরে 'আখতার হামিদ বাহিনী' ও 'ফেরদৌস বাহিনী'র মধ্যে বিরোধ চলে আসছিল। "এই বিরোধ নিয়ে গত কয়েক বছরে ৬টি খুন হয়েছে। মামলা হয়েছে বেশ কয়েকটি," বলেন তিনি। পুলিশ কর্মকর্তা আরো বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় আনছার হোসেনের সঙ্গে একই এলাকার মোহাম্মদ হোসেনের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এরপর দু'জনের পক্ষে দু'টি দলের সংঘর্ষ শুরু হয়। মহেশখালী থানার উপ-পরিদর্শক মোহাম্মদ ইকবাল সাংবাদিকদের জানান, ওই ঘটনার জের ধরে শুক্রবার বেলা ১১টার দিকে 'হামিদ বাহিনী'র পক্ষের গুলিতে জয়নাল আবেদীন আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০০ ঘ.