২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নুরুল ইসলাম 'হত্যার' বিচার চাইলেন আশরাফ

গণতন্ত্রী পার্টির সভাপতি নুরুল ইসলাম ও তার ছেলে তমোহর ইসলামকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে অভিযোগ করে এর সুষ্ঠ বিচার দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2011, 04:26 PM

Updated : 24 Aug 2022, 03:34 PM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণতন্ত্রী পার্টির সভাপতি নুরুল ইসলাম ও তার ছেলে তমোহর ইসলামকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে অভিযোগ করে এর সুষ্ঠ বিচার দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর লালমাটিয়ায় স্বপ্নপুরী হাউজিং কমপ্লেক্স প্রাঙ্গণে 'নূরুল ইসলাম ও তমোহর হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের' দাবিতে আয়োজিত গণসংহতি প্রকাশ, মানব বন্ধন ও আলোক প্রজ্জ্বলন অনুষ্ঠানে তিনি এ দাবি জানান। ২০০৮ সালের ৩ ডিসেম্বর ধানমন্ডির বাসায় অগ্নিদগ্ধ হয়ে মারা যান শ্রমিক নেতা নুরুল ইসলাম ও তার ছেলে তমোহ। ওই ঘটনাকে 'হত্যাকাণ্ড' উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, "আমাদের দুর্ভাগ্য, কারণ এ দেশে মহান ব্যক্তিদের হত্যাকারীদের বিচার হয় না। তদন্ত অন্যদিকে ধাবিত করা হয়। ওই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি না করা পর্যন্ত আমরা দাবি জানিয়ে যাব।" নুরুল ইসলামের রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আশরাফ বলেন, "সব গণতান্ত্রিক আন্দোলনে বাঙালির পাশে তিনি ছিলেন। তিনি শ্রমিকদের স্বার্থের জন্য আন্দোলন করেছেন।" নুরুল ইসলামের স্ত্রী রুবি রহমান বলেন, "আমরা খুব দ্বিধায় থাকি- বিচার আদৌ পাব কি না। আশা করতে ভয় হয়। কারণ এদেশে এখনো জেল হত্যার বিচার হয়নি। তারপরও আশা করি, সুষ্ঠু বিচার যেন পাই।" স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, "সরকারের সদিচ্ছার অভাব নেই। খুব দ্রুত অপরাধীদের সনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।" নুরুল ইসলাম 'হত্যার' বিচারের দাবিতে গঠিত নাগরিক কমিটির আয়োজনে এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, নিহত নুরুল ইসলামের মেয়ে মৌটুসী ইসলাম, শিক্ষাবিদ ড. জিল্লুর রহমান সিদ্দিকী ও নাগরিক কমিটির সদস্য সচিব কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/জেকে/২২২২ ঘ.