কামাল হোসেন তালুকদার
চাঁপাইনবাবগঞ্জ থেকে
চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী আর চাঁপাইনবাবগঞ্জ আমের জন্য বিখ্যাত হলেও রাসায়নিক দিয়ে আম পাকানোর এই সময়ে এসে সংশয়ে ভুগতে হচ্ছে ওই দুই জেলার মানুষকেও।
'আমের দেশ' রাজশাহী ও চাপাইনবাবগঞ্জে ঘুরে, স্থানীয়দের সঙ্গে কথা বলে এমন উপলব্ধি হচ্ছে পদে পদে।
রাজশাহীর সবচেয়ে বড় আমের বাজার ঢাকা বাসস্ট্যান্ডের সামনে কথা হয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জামাল উদ্দিনের সঙ্গে। স্ত্রী ও দুই সন্তান নিয়ে রাজশাহী শহরেই থাকেন তিনি। বড় ছেলে আশফাকের বয়স ৮, আর ছোট মেয়ে ননিয়ার ৩ বছর।
কাছে গিয়ে পরিচয় দিয়ে জানতে চাই- আম কিনতে এসেছেন কি না। শুনেই এক বাক্যে যে উত্তর তিনি দিলেন, তাতে আমের এই 'পরিণতির' জন্য দুঃখ ছাড়া আর কিছু করার থাকে না।
"না না ভাই, আমি আম কেনা অনেক আগেই ছেড়ে দিয়েছি। বাচ্চারা আমের জন্য কান্নাকাটি করে, তবুও কিনি না। আমে কেমিকেল আছে না।"
রাজশাহীর আমেও কেমিকেল!
এই প্রতিবেদকের বিষ্ময় মেশা প্রশ্নের জবাবে জামালের উত্তর- "... রাজশাহীর আমেই বেশি থাকে।"
সবচেয়ে যুৎসই উত্তর দিয়েছেন নসিমন চালক মনজুরুল করিম। কোথায় 'বিশুদ্ধ আম' পাওয়া যাবে- এমন প্রশ্নের জবাবে তার উত্তর- বাগানে গিয়ে গাছ থেকে নিজে হাতে না পাড়লে রাসায়নিকমুক্ত আমের 'গ্যারান্টি' কেউ দিতে পারবে না।
যদিও ঢাকার মতো রাজশাহীর আড়তদাররাও দাবি করে যাচ্ছেন- 'আমার আমে কেমিকেল নাই'।
ঢাকা বাসস্ট্যান্ডের সামনে বসা আড়তদার মোক্তার হোসেন কাছে জানতে চাইলে তিনি মিষ্টি হেসে জানালেন- বাজারের আমে থাকতে পারে, কিন্তু তার আমে রাসায়নিক নেই। বিভিন্ন বাক্যে একই কথা শোনালেন আরো অন্তত ১০ জন আরত মালিক।
পুঠিয়ার আম ব্যবসায়ী মহিরুল ইসলামের দাবি, ১২ বছর ধরে তিনি আমের ব্যবসা করেন; কোনোদিন আমে রাসায়নিক ব্যবহার করেননি।
আর চকবাজারের গলির ফল বিক্রেতা মঞ্জুর হোসেন বললেন, "ভাই আমি ফেরি করে আম বিক্রি করি। কেমিকেলতো মিশানো হয় গোড়ায়।"
অবশ্য এ ধরনের ব্যবসায়ীদেরই যে আমে রাসায়নিক মিশানোর অপরাধে জরিমানা করা হয়েছে- তা জানালেন র্যাব-৫ এর পরিচালক এসএম রিয়াজুল আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আমে রাসায়নিক মেশানোর অপরাধে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালত চলতি বছর ২১টি অভিযান চালিয়ে ব্যবসায়ীদের জারিমানা করেছে।
তিনি বলেন, "ব্যবসায়ীরা প্রথমে ক্যালসিয়াম কার্বাইড দিয়ে কাঁচা আম পাকিয়েছে। পরে রোজার মাসে বেশি দামে বিক্রি করার লোভে ফর্মালিন দিয়ে গুদামজাত করেছে। এ দুটো রাসায়নিক ছাড়াও আমে ব্যবহার করা হচ্ছে ইথেফন, প্রোপাইলিনের মতো রাসায়নিক।"
শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সকির্ট হাউজে আমচাষি ও ব্যবসায়ীদের সঙ্গে সাংবাদিকদের এক মতবিনিময় সভায় আমে রাসায়নিক মেশানো নিয়ে আলোচনা হয়।
আয়াত নূর নামে এক আমচাষি বলেন, "চাঁপাইনবাবগঞ্জে আমে কেমিকেল মিশানো হয়- তা আমাদের ধারণাতেও ছিলো না। কিছু অসাধু ব্যবসায়ী এ অপরাধের সঙ্গে জড়িত।"
আর আমে রাসায়নিক মিশানোর বিভিন্ন প্রক্রিয়া ব্যাখ্যা করেন রামকৃষ্ণপুরের আমচাষি আবদুল খালেক।
তিনি জানান, মুকুল থাকা অবস্থাতেই কীটপতঙ্গের হামলা ঠেকতে প্রয়োগ করা হয় বিভিন্ন কীটনাশক। আম বড় হলে 'সুন্দর' রঙ হওয়ার জন্য ব্যবহার করা হয় 'সেভেন পাউডার'। আম তোলার পর তা পরিষ্কার করতে ব্যবহার হয় 'নয়ন পাউডার'।
এই আম শেষ পর্যন্ত দোকানে পৌঁছানোর পরও বিক্রেতারা মুখস্ত বলে যান- "এই আমে রাসায়নিক নাই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/জেকে/২১০২ ঘ.
bdnews24