সাতক্ষীরা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধ ভেঙে সীমান্ত নদী ইছামতির পানিতে সাতক্ষীরার দেবহাটা উপজেলার চারটি গ্রাম প্লাবিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সুশীলগাতি এলাকায় বাঁধের দুই'শ ফুট ভেঙে যায়।
এরপর ভাটার টানে পানি সরে গেলেও রাতে ও শুক্রবার দুপুরের জোয়ারে আবারো পানি ঢুকে পড়ে।
প্লাবিত গ্রামগুলো হলো সুশীলগাতি, শিবনগর, দেবহাটা সদর ও টাউনশ্রীপুর।
সাতক্ষীরা জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ ও দেবহাটার ইউএনও কালাচাঁদ সিংহ জানান, পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ছিদ্র করে চিংড়ি চাষের জন্য পানি আনা নেওয়া করায় বাঁধে ভাঙন ধরেছে।
বাঁধ মেরামতের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তারা।
দেবহাটা উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, পানির তোড়ে দেবহাটা থানা ভবন, টাউনশ্রীপুরের বিজিবি ক্যাম্পসহ বহু সরকারি ও বেসরকারি স্থাপনা ঝুঁকির মধ্যে রয়েছে।
এদিকে সাতক্ষীরা সফররত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী আফম রুহুল হক বৃহস্পতিবার রাতে ভাঙন এলাকা পরিদর্শন করেছেন। তিনি দ্রুত বাঁধের সংস্কার করার নির্দেশ দেন।
উপজেলা সদর ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম জানিয়েছেন, ভাঙন ক্রমেই বাড়ছে। জোয়ারে তা আরো নতুন নতুন এলাকা গ্রাস করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২১ ঘ.
bdnews24