২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরসরাই: আরো ১ জনের মৃত্যু

মিরসরাই দুর্ঘটনায় আরো একজন মারা গেছে। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪০।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2011, 08:58 AM

Updated : 24 Aug 2022, 03:34 PM

চট্টগ্রাম, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরসরাই দুর্ঘটনায় আরো একজন মারা গেছে। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪০। শুক্রবার বেলা দেড়টার দিকে চট্টগ্রাম নগরীর সেন্টার পয়েন্ট হাসপাতালে নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। তার নাম মো. রায়হান (১৩)। মিরসরাইয়ের মধ্যম ময়ানি গ্রামের নূরুল আবছারের ছেলে রায়হান আবু তোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ঝরে পড়া ছাত্র। আবু তোরাব বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর সাদেক জানান, রায়হান ৮ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে গতবছর স্কুলে আসা বাদ দেয়। রায়হানের মৃত্যুতে এই বিদ্যালয়ের মৃত ছাত্রের সংখ্যা দাঁড়ালো ২৯। সেন্টার পয়েন্ট হাসপাতালের ব্যবস্থাপক আলী নেওয়াজ ইমন চিকিৎসকদের বরাত দিয়ে জানান, ফুসফুসে ময়লা জমে যাওয়ায় শেষ পর্যন্ত রায়হানকে আর বাঁচানো গেলো না। স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বেলা ২টার দিকে সেন্টার পয়েন্ট হাসপাতালে রায়হানের মৃতদেহ দেখতে যান। রায়হানের স্বজনরা জানান, সন্ধ্যায় মিরসরাইয়ে আবু তোরাব উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হবে। এদিকে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদেরকে এক লাখ টাকার চেক দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে আবু তোরাব উচ্চ বিদ্যালয় মাঠে এক শোক সমাবেশে তাদের হাতে তিনি এই চেক হস্তান্তর করেন। এ সময় তিনি আহতদের জন্য দেন ৫০ হাজার টাকার চেক। তিনি নিহত স্কুলছাত্রদের পরিবারের সদস্যদের সমবেদনা জানান। সোমবার দুপুরে খেলা দেখে বাড়ি ফেরার পথে মিরসরাই উপজেলার মায়ানি ইউনিয়নের সৈদালী গ্রামে শিক্ষার্থীদের বহনকারী ট্রাক ডোবায় পড়ে গেলে এলাকার ৩৭ স্কুল ছাত্রসহ মোট ৩৯ জন নিহত হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রায়হানের মৃত্যুতে এই সংখ্যা দাড়ালো ৪০। এদের মধ্যে রায়হানকে নিয়ে আবু তোরাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ২৯ জন (এরমধ্যে রায়হানসহ দুজন অষ্টম শ্রেণীর সাবেক ছাত্র), আবু তোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ জন, এসএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ জন, আবু তোরাব ফাজিল মাদ্রাসার ২ জন, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের ২ জন শিক্ষার্থী এবং ছাত্র নন- এমন আরো দুইজন রয়েছে। দুর্ঘটনায় আহত হয় ১২ জন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরে নিজেদের বাড়িতে অসুস্থ বোধ করায় আরো ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এই নিয়ে চিকিৎসাধীনের সংখ্যা দাড়ায় ১৮ জন। এদের মধ্যে হাসপাতালের রায়হান মারা যাওয়ায় চিকিৎসাধীন রইলো ১৭ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/কেএমএস/১৪৪৮ ঘ.