২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ীদের অধিকাংশই অসৎ: বাণিজ্যমন্ত্রী

দেশের অধিকাংশ ব্যাবসায়ীকে 'অসৎ' অ্যাখ্যায়িত করে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, ৮০ শতাংশ ব্যবসায়ী শুধু মুনাফার জন্য ব্যবসা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2011, 05:24 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের অধিকাংশ ব্যাবসায়ীকে 'অসৎ' অ্যাখ্যায়িত করে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, ৮০ শতাংশ ব্যবসায়ী শুধু মুনাফার জন্য ব্যবসা করেন। বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে এক অনুষ্ঠানে তিনি বলেন, "বাংলাদেশের ব্যবসায়ীদের অধিকাংশই অসৎ। এরা মুনাফালোভী নয়, মুনাফাখোর।" বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবির পৃষ্ঠপোষকতায় 'ফিউচার লিডার অব বাংলাদেশ' (এফএলবি) প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, ব্যবসায়ীরা দ্রব্যমূল্য বাড়িয়ে শুধু মুনাফা অর্জন করতে চায়। ৮০ শতাংশ ব্যবসায়ী শুধু মুনাফার জন্য ব্যবসা করেন, বাকিরা সততার সঙ্গে সমাজের কথা চিন্তা করে ব্যবসা করেন। অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তাদের উদ্দেশে ফারুক খান বলেন, "আমরা প্রত্যাশা করি, শুধু মুনাফা করা নয়, দেশের সেবা করাই হবে আপনাদের মূল লক্ষ্য।" তরুণ ব্যাবসায়ী নেতৃত্ব তৈরির লক্ষ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব এডুকেশন এন্ড টেকনোলজি সলিউশনস এই প্রতিযোগিতার আয়োজন করে। বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে সনদ বিতরণ করা হয়। প্রথম আলো জবসের প্রধান শৈবাল কুমার কানুনগোর সভাপতিত্বে অন্যদের মধ্যে রবির মানবসম্পদ বিভাগের প্রধান মতিউল ইসলাম নওশাদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক গোলাম সামদানী ফকির ও বিডুটেক সলিউশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাহ কামাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/জেকে/২৩১০ ঘ.