২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়াফেরতদের পুনর্বাসনে সাক্ষাৎকার শুরু ২৩ জুলাই

লিবিয়া থেকে ফিরে আসা বাংলাদেশিদের পুনর্বাসনে সরকারি আর্থিক সহায়তার জন্য প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা ও সাক্ষাৎকার গ্রহণ আগামী ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2011, 03:40 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়া থেকে ফিরে আসা বাংলাদেশিদের পুনর্বাসনে সরকারি আর্থিক সহায়তার জন্য প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা ও সাক্ষাৎকার গ্রহণ আগামী ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন আগামী ২৩ জুলাই মিরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে কাগজপত্র যাচাই ও সাক্ষাৎকার গ্রহণ কার্যক্রম উদ্বোধন করবেন। লিবিয়াফেরত ক্ষতিগ্রস্ত বাংলাদেশি কর্মীদের পুনর্বাসনে সহায়তা হিসেবে বিশ্বব্যাংকের সহজ শর্তে বাংলাদেশকে দেওয়া ৪০ মিলিয়ন ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯০ কোটি টাকা) ঋণ থেকে প্রত্যেক কর্মীকে প্রাথমিকভাবে অন্তত ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে করা চুক্তির অধীনে এ অর্থ বিতরণের দায়িত্ব পালন করছে আইওএম। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ জুলাই পর্যন্ত লিবিয়া ফেরত তিন হাজার আটশ' ৫১ জন কর্মীকে আইওএম'র কল সেন্টারের মাধ্যমে ফোন করে সাক্ষাৎকারের সময় দেওয়া হয়েছে। এর আগে সংস্থাটির পক্ষ থেকে সংবাদপত্রে বিজ্ঞাপন এবং মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে তাদের ব্যাংক হিসাব খোলা এবং দরকারি কাগজপত্রসহ প্রস্তুত থাকতে অনুরোধ করা হয়। আইওএম ঢাকার আঞ্চলিক প্রতিনিধি রাবাব ফাতিমা বলেন, যাচাই কেন্দ্রে গড়ে প্রতিদিন সাড়ে চারশ' জন লিবিয়াফেরত বাংলাদেশির কাগজপত্র পরীক্ষা করা হবে। তিন মাসের মধ্যে প্রায় ৩৭ হাজার লিবিয়া ফেরত বাংলাদেশিকে সরকারি এককালীন সহায়তার অর্থ পৌঁছে দেওয়া হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ জুলাই পর্যন্ত লিবিয়া থেকে ৩৬ হাজার পাঁচশ' ৭৫ জন বাংলাদেশি কর্মী দেশে ফিরেছেন। এদের মধ্যে একশ' ৪৯ জন নারী। এসব বাংলাদেশির মধ্যে ৩০ হাজার নয়শ' ৭৫ জন আইওএম'র সহায়তায় ফিরেছেন। এছাড়া আগামী ১৭ জুলাই সকাল সাড়ে ৮টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লিবিয়া থেকে তিউনিস সীমান্ত হয়ে আরো ১৯ বাংলাদেশি দেশে ফিরবেন। ঢাকা বিমানবন্দরে তাদের সহায়তা করবে সরকারের প্রবাসী কল্যাণ ডেস্ক ও আইওএম। গত ১৫ ফেব্র"য়ারি লিবিয়ায় কর্নেল মুয়াম্মার গাদ্দাফির নেতৃত্বাধীন সরকার পতনের দাবিতে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংসতা ও তা বন্ধে সেখানে পশ্চিমা যৌথ বাহিনীর বিমান হামলার প্রেক্ষিতে বিশ্বের বিভিন্ন দেশের মোট ছয় লাখ ১৯ হাজার আটশ' ৪৪ জন প্রবাসী ও অভিবাসী লিবিয়া ছাড়েন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচ/পিডি/২১১৭ ঘ.