২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণচেষ্টা: এক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারে চাহিদাপত্র

চট্টগ্রামের এক কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার পরিদর্শক মিজানুর রহমানকে গ্রেপ্তারের চাহিদাপত্র পাঠিয়েছে নগরীর পাঁচলাইশ থানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2011, 03:39 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

চট্টগ্রাম, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের এক কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার পরিদর্শক মিজানুর রহমানকে গ্রেপ্তারের চাহিদাপত্র পাঠিয়েছে নগরীর পাঁচলাইশ থানা। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার বরাবর বৃহস্পতিবার এ গ্রেপ্তার চাহিদাপত্র পাঠানো হয়েছে। বুধবার ওই ছাত্রীর বাবা বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়, মঙ্গলবার রাতে নগরীর একটি হোটেলে ওই কলেজছাত্রীকে আটকে রেখে ধর্ষণের চেষ্টা করেন কসবা থানার পরিদর্শক মিজানুর রহমান। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পাঁচলাইশ অঞ্চলের সহকারি কমিশনার (এসি) আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযুক্ত পুলিশ সদস্য মিজানকে গ্রেপ্তারের জন্য রিকুইজিশন প্রেয়ার (গ্রেপ্তারের চাহিদাপত্র) পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত মঙ্গলবার নগরীর একটি বেসরকারি কলেজের এক ছাত্রী ও তার বন্ধু বিনোদন কেন্দ্র ফয়েস লেকে বেড়াতে যান। এসময় কসবা থানার পরিদর্শক মিজানুর রহমান জোরপূর্বক ওই দুইজনকে একটি গাড়িতে তুলে নগরীর চকবাজর এলাকায় 'আল আকাবা' হোটেলে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগে উল্লেখ আছে, ওই ছাত্রী ও তার বন্ধুকে হোটেলের দুটি আলাদা কক্ষে আটকে রাখা হয়। মঙ্গলবার রাতে মিজানুর ওই কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় ওই ছাত্রী হোটেল কক্ষের শৌচাগারে আশ্রয় নেন এবং কাচ দিয়ে নিজের হাত কেটে অজ্ঞান হয়ে পড়েন। বুধবার সকালে অজ্ঞান অবস্থায় ওই কলেজছাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় হোটেলের ব্যবস্থাপক শামসুদ্দিন ও হোটেল বয় তাজুল ইসলামকে আটক করে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/২১১২ ঘ.