ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিনতাই রোধে চালবাহী ট্রাকে পুলিশের পাহারা দেওয়ার ব্যবস্থা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে এসব ট্রাককে বহরে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ট্রাক ছিনতাই প্রতিরোধে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এ কথা বলেন।
চাল পরিবহনকারী ট্রাকসহ অন্যান্য পণ্য পরিবহনকারী ট্রাকে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) প্রযুক্তি ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে বাংলাদেশ সড়ক যোগাযোগ কর্তৃপক্ষকে উদ্যোগ নিতে বলা হয়েছে।
সাহারা বলেন, মহাসড়কগুলোতে চালের ট্রাক ছিনতাই প্রতিরোধে এখন থেকে চাল পরিবহনকারী ট্রাকগুলো বহরে চলাচল করবে এবং প্রতি জেলার পুলিশ ট্রাকগুলোকে প্রহরা দিয়ে নিয়ে যাবে।
এ ছাড়া ট্রাক ছিনতাই রোধে হাইওয়ে পুলিশের টহল বাড়ানো হবে বলে জানান তিনি।
সাহারা বলেন, চাল পরিবহনকারী ট্রাকের বহর এক জেলা পার হলে অন্য জেলায় ঢোকামাত্র পুলিশ এগুলোর দায়িত্ব নেবে। এভাবে চালের ট্রাকের বহর গন্তব্য পৌঁছাবে।
সভায় সাবেক বাণিজ্যমন্ত্রী আব্দুল জলিল, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানসহ ট্রাক মালিক-শ্রমিক সমিতির নেতা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/২১২০ ঘ.
bdnews24