২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপান

চীন ও ভিয়েতনাম থেকে কিছু তৈরি পোশাক কারখানা স্থানান্তর পরিকল্পনার পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে জাপান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2011, 02:24 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীন ও ভিয়েতনাম থেকে কিছু তৈরি পোশাক কারখানা স্থানান্তর পরিকল্পনার পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে জাপান। বৃহস্পতিবার দুপুরে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) মিলনায়তনে এক আলোচনা সভায় ঢাকায় জাপানের রাষ্ট্রদূত তামোসু সিনোসুকা এ কথা বলেন। তিনি বলেন, "নতুন বিনিয়োগের ক্ষেত্র হিসেবে বাংলাদেশই আমাদের প্রথম পছন্দ। চীন, কম্বোডিয়া, ভিয়েতনামসহ আসিয়ান জোটভুক্ত দেশগুলোতে পণ্যের উৎপাদন ব্যয় এবং শ্রমমজুরি বেড়ে যাওয়ায় বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি চীন ও ভিয়েতনাম থেকে কিছু তৈরি পোশাক কারখানা এখানে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে জাপানের।" তবে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর জন্য গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধান, রাস্তাঘাটসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি। 'ডাইভারসিফিকেশন অব এক্সপোর্টস অব বাংলাদেশ টু জাপান' শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ডিসিসিআই। বাণিজ্যমন্ত্রী ফারুক খান জানান, চলতি অর্থবছরে বাংলাদেশ থেকে জাপানে মোট দুই হাজার তিনশ' কোটি ডলার রপ্তানি হয়েছে। আগামীতে রপ্তানির লক্ষ্যমাত্রা দুই হাজার ছয়শ' কোটি ডলার নির্ধারণ করা হয়েছে। জাপান থেকে পণ্য আমদানি ও সেখানে রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের জন্য জাপান সরকারের শুল্ক ও কোটামুক্ত সুবিধা গ্রহণের জন্য ব্যবসায়ীদের পরামর্শ দেন তিনি। আলোচনা সভায় অন্যদের মধ্যে ডিসিসিআই সভাপতি আসিফ ইব্রাহিম, জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি রাশেদ আহমদ আলী, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের প্রতিনিধি তাকাসি সুজুকি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সহ-সভাপতি ফাহিম মাশরুর প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএইচ/এএল/২০২১ ঘ.