ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে শরণখোলার এক গৃহবধূকে নির্যাতনের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না- তা জানতে চেয়েছে হাইকোর্ট।
গত ১৮ জুন একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ বৃহস্পতিবার স্বপ্রণোদিত হয়ে এই রুল জারি করে।
বাগেরহাটের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, শরণখোলা ইউনিয়নের চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন, ইউপি সদস্য ফজলুল হক টুকু, গ্রাম পুলিশ নান্না মিয়াকে ২১ জুলাইয়ের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
এদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভারপ্রাপ্ত কর্মকর্তা, চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম পুলিশকে ওই দিন সকাল সাড়ে ১০টায় আদালতে হাজির হয়ে ঘটনার ব্যাখ্যা দিতে হবে।
দৈনিক সমকালে প্রকাশিত 'জনতার সম্মুখে গৃহবধূকে বর্বর নির্যাতন' শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়, শরণখোলার তাফালবাড়ি গ্রামের সামসুল হকের স্ত্রী ফিরোজা বেগমকে ইউপি সদস্য ফজলুল হক টুকু, গ্রাম পুলিশ নান্না মিয়া নির্যাতন করেন। পরে ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেনও ওই ঘটনায় জড়িত হন।
ওই ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না- শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তা জানাতে বলেছে আদালত। এ ছাড়া ঘটনার শিকার ওই নারীর কোনো চিকিৎসা হয়েছে কি না- তা জানাতে নির্দেশ দেওয়া হয়েছে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধানকে।
এই আদেশের কপি সংশ্লিষ্ট সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য বাগেরহাটের জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট বেঞ্চ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/জেকে/২০১৩ ঘ.
bdnews24