ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে নিয়োজিত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জন এফ ডানিলোউইজ বলেছেন, কার্বন নিঃসরণ কমাতে বাংলাদেশকে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার পরিবেশ ও বন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সচিবালয়ে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাতে ডানিলোউইজ বলেছেন, পরিবেশ ও বন সংরক্ষণ কর্মসূচি ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, "যুক্তরাষ্ট্র কার্বন নিঃসরণ কমাতে যে ১২টি উন্নয়নশীল দেশকে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে, বাংলাদেশ তার অন্যতম।"
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে পরিবেশ সংরক্ষণ ও আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বৈশ্বিক আলোচনার সর্বশেষ অবস্থা এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়।
এছাড়া আগামী মাসে হাছান মাহমুদের যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয় সফর নিয়েও আলোচনা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচ/পিডি/২০০৫ ঘ.
bdnews24