চট্টগ্রাম, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৯ জনের পরিবারকে ২৫ হাজার টাকা করে অর্থ সাহায্য দিয়েছে বিএনপি। দলপ্রধান খালেদা জিয়া এ অর্থ হস্তান্তর করেছেন।
বৃহস্পতিবার বিকালে মিরসরাইয়ে পরিবারগুলোকে নগদ অর্থসাহায্য দেন খালেদা।
তিনি জানান, ওই দুর্ঘটনায় আহত ছাত্রদের চিকিৎসার ব্যয়ভার দলের ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান বহন করবেন।
সোমবার দুপুরে মিরসরাইয়ে একটি ছোট ট্রাক রাস্তার পাশে ডোবায় পড়ে গেলে ছাত্রসহ ৩৯ জন নিহত এবং ১২ জন আহত হয়। নিহতের সংখ্যা প্রথমে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ৪৪ বলা হয়েছিলো। মিরসরাই স্টেডিয়ামে স্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা দেখে বাড়ি ফিরছিলো তারা।
নিহত স্কুলছাত্র শামসুদ্দিনের মা রহিমা বেগমকে খালেদা বলেন, "আমি একজন মা হিসেবে আপনাদের শোকের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে এসেছি। এ শোকে কেবল আপনারাই নন, সারাদেশ শোকাগ্রস্ত।"
এভাবে তিনি পাঁচ/ছয়টি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
আরেক নিহত স্কুলছাত্র সাজেদুল ইসলামের মা আয়শা খাতুন খালেদা জিয়াকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন।
খালেদা তাকে বলেন, "আমি পাশে থাকবো। আপনি একা নন।"
এর আগে খালেদা জিয়া মিরসরাই উপজেলার সৈদালি গ্রামে দুঘর্টনাস্থল পরিদর্শন করেন। খাদের পাশে নিরবে দাঁড়িয়ে নিহত স্কুলছাত্রদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। স্থানীয় গ্রামবাসীর কাছ থেকে দুর্ঘটনার বর্ণনা শোনেন।
শোকসভা
বিকালে মিরসরাইয়ের আবু তোরাব উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত এক শোকসভায় যোগ দেন খালেদা জিয়া।
খালেদা জিয়া বলেন, "এ শোক ভাষায় প্রকাশ করা যাবে না। এটা মিরসরাই মানুষের শোক নয়। সারাদেশ বাংলাদেশই শোকে মূহ্যমান।"
১৯৯৬ সালে মিরসরাই আসনের সাংসদ খালেদা জিয়া বলেন, "এক সময়ে আপনাদের সংসদ সদস্য ছিলাম আমি। তাই যখনই শুনেছি এরকম দুঘর্টনার কথা তখনই আপনাদের পাশে এসে সান্ত্বনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।"
"আমারও দুই ছেলে আছে। তারা আজ অসুস্থ হয়ে বিদেশে চিকিৎসা নিচ্ছে। তাই ছেলেহারানোর বেদনা আমি বুঝি।"
শোকসভায় মিরসরাই বিএনপি নেতা অধ্যাপক কামাল উদ্দিন চৌধুরী স্বাগত বক্তব্য দেন।
মিরসরাই উপজেলা বিএনপির সভাপতি রহুল আমিনের সভাপতিত্বে এই শোকসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, সহসভাপতি এম মোরশেদ খান, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, আবদুল্লাহ আল নোমান, চেয়ারপার্সনের উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস কাদের চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে চেয়ারপার্সনের উপদেষ্টা রহুল আলম চৌধুরী, সালাহউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফরহাত কাদের চৌধুরী, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সালাউদ্দিন আহমেদ, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, সাংসদ হারুন অর রশীদ, জয়নুল আবেদিন ভিপি জয়নাল, বিজেএমইএ'র সাবেক সভাপতি এস এম ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
মিরসরাইয়ে কর্মসূচি শেষ করে খালেদা জিয়া ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এর আগে ফেনী সার্কিট হাউজে আধা ঘণ্টার জন্য যাত্রা বিরতি করেন।
এ অর্থ সাহায্যের প্রক্রিয়াটি বাস্তবায়িত হয় চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর তত্ত্বাবধানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯৪৬ ঘ.
bdnews24