চট্টগ্রাম, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরসরাইয়ে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে যোগাযোগ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে।
বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তদন্ত কমিটির সদস্যরা দুর্ঘটনাস্থল পরিদর্শন এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন। এ ছাড়া তদন্ত কমিটি তদারকের জন্য গঠিত কমিটিও বুধবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন এবং নিহত শিক্ষার্থীদের স্বজনদের সঙ্গে কথা বলেছেন।
সোমবার স্কুল ছাত্রদের বহনকারী ট্রাক উল্টে ডোবায় পড়ে ৪৪ জনের মৃত্যু হয়। তারা সবাই মিরসরাই স্টেডিয়াম থেকে খেলা দেখে ওই ট্রাকে করে ফিরছিলো।
তদারক কমিটির সদস্য যোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মো. আবু নাছের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্ত ও তদারক কমিটির সদস্যরা দুর্ঘটনাস্থল, আবু তোরাব উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন।
এ সময় কমিটির সদস্যরা নিহত শিক্ষার্থীদের পরিবারের সদস্য, দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিক্ষার্থী, প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন, ট্রাক মালিক, পুলিশ প্রশাসন, স্থানীয় স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেন।
পরিদর্শন শেষে যোগাযোগ মন্ত্রণালয় থেকে গঠিত তদন্ত কমিটি প্রধান চট্টগ্রাম সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইবনে হাসান আলম সাংবাদিকদের বলেন, "আমরা কাজ শুরু করেছি। ঘটনাস্থল পরিদর্শন ছাড়াও নিহত পরিবারের স্বজন এবং সংশ্লিষ্ট বিভিন্নজনের সঙ্গে কথা বলেছি।"
সাতদিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২১২৮ ঘ.
bdnews24