মানিকগঞ্জ, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের হয়রানি ও চাঁদাবাজি বন্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে আধঘণ্টা অবরোধ করেছে মানিকগঞ্জের পরিবহন শ্রমিকরা।
বুধবার সকাল ১০টা থেকে তারা মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করে। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষর্দীরা জানায়, শ্রমিকেরা বাসস্ট্যান্ড এলাকায় সড়কে অবস্থান নেওয়ার কিছুক্ষণ পর পুলিশ আসে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিক ও পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়।
এ সময় শ্রমিকদের সঙ্গে ধস্তাধস্তিতে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খায়রুজ্জামান আহত হন।
সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) মো. জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ সময় শ্রমিকরা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক (ওসি) আশরাফুল ইসলামকে প্রত্যাহারের দাবি জানান।
পরে জেলা প্রশাসক মুনশী শাহবুদ্দিন আহমেদ ও পুলিশ সুপার মোহাম্মদ আলী মিয়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।
আহত পুলিশ কর্মকর্তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে তিনি জানান।
শ্রমিকরা জানায়, দীর্ঘদিন ধরে হাইওয়ে পুলিশ ও ডিবি পুলিশ বিভিন্নভাবে শ্রমিকদের হয়রানি করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৮২৫ ঘ.
bdnews24