২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

নরসিংদী, মানিকগঞ্জ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছে। আহত হয়েছে দুই জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2011, 08:40 AM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী, মানিকগঞ্জ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছে। আহত হয়েছে দুই জন। বুধবার নরসিংদীর বেলাব উপজেলায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে দুই জন, মানিকগঞ্জের সদর উপজেলায় বাসচাপায় এক সাইকেল আরোহী এবং সিরাজগঞ্জে আরো এক মটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। নরসিংদী প্রতিনিধি জানান, দুপুর পৌনে ১টার দিকে বেলাব উপজেলার বাড়ৈচা নামক স্থানে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়। নিহত মুরছালিন (২৭) ও বেলায়েত হোসেন (২৫) পিকআপ যাত্রী। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেটগামী একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপ ভ্যানটি ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় পিকআপ ভ্যানে থাকা চার যাত্রীর দুই জন ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অপর দুই যাত্রী হারিছ ভূইয়া (৪৫) ও মনির হোসেনকে (২৭) নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বেলাব থানার ওসি মেজবাহ উদ্দিন সাংবাদিকদের জানান, নিহতদের লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মানিকগঞ্জ প্রতিনিধি জানান, সকাল ৮টার দিকে সদর উপজেলার ভাটভাউর এলাকায় বাসের চাপায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত মাসুদ রানা (২০) হরিরামপুর উপজেলার গোয়ালনগর গ্রামের মোনছের আলীর ছেলে। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হোসেন জানান, ভাটভাউরের ঠিকাদার বাড়ির পাশে মাসুসদে পেছন থেকে একটি বিআরটিসির যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় মহসিন হোসেন (৩৫) নামে এক মটর সাইকেল চালক নিহত হয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি নুরুননবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার বেলা ১২টার দিকে সলঙ্গা থানার দবিরগঞ্জ সেতুর রেলিংয়ের সঙ্গে মোটর সাইকেলটি ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মহসিন মারা যান। মহসিন উল্লাপাড়া উপজেলার চেংটা গ্রামের বাসিন্দা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫৩১ ঘ.