নারায়ণগঞ্জ, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর সেতুর নিচে শীতলক্ষ্যা নদী ভরাট করে গড়া অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ।
মঙ্গলবার বেলা ১১টার দিকে সেতুর নিচে পশ্চিম অংশে এ অভিযান চালানো হয়।
উচ্ছেদকারী দল ভেকু (মাটি কাটার যন্ত্র) দিয়ে কেটে দখল করা অংশের বালু ও মাটি অপসারণ করে। ১৫/২০টি টং দোকানও উচ্ছেদ করা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অভিযোগ, বারবার অবৈধ দখলদারদের নোটিশ দেওয়া হলেও তারা অবৈধ স্থাপনা রাখাসহ বালু ও পাথরের ব্যবসা চালিয়ে যায়।
কাঁচপুর সেতুর সাত জোড়া খুঁটির মধ্যে উভয়পাশে চার জোড়া খুঁটি পর্যন্ত নদী বালু ভরাট করে অবৈধভাবে বালুর ব্যবসা করে আসছিল দখলদাররা। অবৈধ দখলদাররা সেখানে অবৈধভাবে বালু ও পাথরের ব্যবসাসহ বিভিন্ন দোকানপাট গড়ে তোলে।
বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর উপ-পরিচালক আলমগীর কবির বলেন, ভরাট করা অংশের মাটি সরিয়ে নিতে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে। একটি এক্সকেভেটর (ভেকু), পাঁচটি ট্রাক, দুটি ওয়ার্ক বোটসহ শতাধিক শ্রমিক উচ্ছেদ কাজে অংশ নেয়।
বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের ঊর্ধ্বতন উপ-পরিচালক সাইফুল ইসলাম জানান, ভরাট হয়ে যাওয়ায় নদীতে বড় জহাজ চলাচল করতে পারছে না। অবৈধ দখলদারদের বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও তারা অবৈধ স্থাপনা সরিয়ে নেয়নি।
উচ্ছেদ কাজ শুরু হয়েছে। আগামী তিনদিন উচ্ছেদ কার্যক্রম চলবে। প্রয়োজন হলে সময় আরো বাড়ানো হবে।
তিনি বলেন, নদী দখলদার হিসেবে ২৭ জনকে চিহ্নিত করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলাম, বিআইডব্লিউটএ কর্মকর্তা, বিপুল সংখ্যক আমর্ড পুলিশ ও র্যাব সদস্য অভিযানে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩১ ঘ.
bdnews24