২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবার সন্ধান পেতে সরকারের সহায়তা কামনা

বাবা হাবিবুর রহমান হাওলাদারের (৪৫) সন্ধান পেতে সরকারের সহায়তা চেয়েছেন মেয়ে জেসমিন বেগম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2011, 04:19 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

বাগেরহাট, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাবা হাবিবুর রহমান হাওলাদারের (৪৫) সন্ধান পেতে সরকারের সহায়তা চেয়েছেন মেয়ে জেসমিন বেগম। মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই সহায়তা কামনা করেন জেসমিন (২৪)। তিনি বলেন, গত ৬ জুলাই সকালে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের বেতবুনিয়া গ্রামের বাড়ি থেকে বাবাকে ধরে নিয়ে যায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সংবাদ সম্মেলনে হাবিবের স্ত্রী মাহমুদা বেগম এবং শ্বশুর আব্দুর রশিদ ফরাজী উপস্থিত ছিলেন। তারা হাবিবুরের সন্ধানের জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও মানবাধিকার সংগঠনগুলোর হস্তক্ষেপ কামনা করেন। এদিকে পুলিশ, গোয়েন্দা পুলিশ ও র‌্যাব বলছে এই নামে কোনো ব্যক্তিকে তারা গ্রেপ্তার বা আটক করেনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেসমিন বলেন, তার বাবাকে ধরে প্রথমে মোরেলগঞ্জ ফেরিঘাটে নিয়ে যাওয়া হয়। পরে মাইক্রোবাসে করে বাগেরহাটের দিকে নিয়ে যাওয়া হয়। এ সময় পরিবারের সদস্যরা বাবার সঙ্গে কথা বলতে চাইলে পুলিশ কথা বলতে দেয়নি। পরে পরিবারের সদস্যরা খোঁজ নিয়ে জানতে পারেন, যৌথ বাহিনী বাবাকে ধরে নিয়ে গেছে। ছয় দিন অতিবাহিত হলেও তার কোনো খোঁজ তারা পাচ্ছেন না। তিনি বলেন, মোরেলগঞ্জ থানা ও বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ তার বাবাকে আটকের কথা স্বীকার করছে না। পরিবারের সদস্যরা জানান, হাবিব বহরবুনিয়া ইউনিয়ন আওয়ামী কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক। এলাকার একটি প্রভাবশালী মহল একে পর এক মামলা দিয়ে হাবিবকে ফাঁসিয়েছে বলে দাবি করেন পরিবারের সদস্যরা। মোরেলগঞ্জ থানার ওসি আব্দুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাবিবুর রহমান হাওলাদার জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ডাকাতিসহ ৯টি মামলা রয়েছে। মোরেলগঞ্জ থানার পুলিশ তাকে আটক করেনি তবে পুলিশ তাকে খুঁজছে বলে জানান ওসি। বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফ হোসেন জানান, মোরেলগঞ্জ থেকে হাবিব নামে কাউকে তারা গ্রেপ্তার করেননি। এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। র‌্যাব-৬ এর সহ-অধিনায়ক মেজর বদরুদ্দোজ্জা জানান, এই নামে কাউকে র‌্যাব গ্রেপ্তার করেনি। ফলে বিষয়টি তিনি জানতেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২২১৩ ঘ.