২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলতি অর্থবছর রপ্তানি লক্ষ্যমাত্রা আড়াই হাজার কোটি ডলার

বিদায়ী অর্থবছরের রপ্তানি আয়ের তুলনায় ১৫ শতাংশ প্রবৃদ্ধি ধরে চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ হাজার ৬৩৬ কোটি ৩০ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2011, 04:11 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদায়ী অর্থবছরের রপ্তানি আয়ের তুলনায় ১৫ শতাংশ প্রবৃদ্ধি ধরে চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ হাজার ৬৩৬ কোটি ৩০ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। মঙ্গলবার সচিবালয়ে ২০১১-১২ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী ফারুক খান। গত অর্থবছরে (২০১০-১১) রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৮৫০ কোটি ডলারের পণ্য। এর বিপরীতে রপ্তানি হয়েছে ২ হাজার ২৯২ কোটি ৪৩ লাখ ডলারের পণ্য। লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি বেড়েছে প্রায় ২৪ শতাংশ। এছাড়া ২০০৯-১০ অর্থবছরের রপ্তানির চেয়ে গত অর্থবছরে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ৪১ দশমিক ৪৭ শতাংশ। রপ্তানির এ প্রবৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে, নিট ও উভেন পোশাক, হোম টেক্সটাইল, ফুটওয়্যার, কাঁচাপাট, পাটজাত পণ্য, রাবার, চামড়া ও চামড়াজাত পণ্য, জাহাজ, প্লাস্টিক পণ্য ইত্যাদি। গত অর্থবছরে রপ্তানি প্রবৃদ্ধির জন্য রপ্তানিকারক ও শিল্প মালিকদের অভিনন্দন জানিয়ে ফারুক খান বলেন, "দেশের এ অর্জন যাতে কোনোভাবেই বিনষ্ট না হয়, সেদিকে নজর রাখতে হবে।" তিনি বলেন, "চলতি অর্থবছরের জন্য ৪৪টি মিশনের বিপরীতে দুই হাজার ৫৭০ কোটি ২৯ লাখ ৩০ হাজার ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রার প্রস্তাব করা হয়েছে। এছাড়া মিশনের বাইরের কয়েকটি দেশে রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৬ কোটি এক লাখ ১০ হাজার ডলার।" বাণিজ্যমন্ত্রী জানান, গত অর্থবছরে বাংলাদেশি মিশনগুলোর মধ্যে ১৯টি রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। এগুলো হচ্ছে- টোকিও, কায়রো, তেহরান, বেইজিং, ইসলামাবাদ, সিউল, জাকার্তা, কুয়ালালামপুর, ম্যানিলা, ইয়াঙ্গুন, দোহা, মানামা, আম্মান, ত্রিপোলি, মাসকাট, থিম্পু ও ব্র"নাই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/২২০৩ ঘ.