ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের শিক্ষক পরিমল জয়ধরের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়নবিরোধী নীতিমালা কার্যকর করার দাবি জানিয়েছেন ছাত্রী, শিক্ষক, অভিভাবক, রাজনীতিবিদ ও সংস্কৃতিকর্মীরা।
একই সঙ্গে ছাত্রী ধর্ষণের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টার অভিযোগে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হোসনে আরা বেগমের পদত্যাগ দাবি করেছেন তারা।
মঙ্গলবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সংহতি সমাবেশে তারা এসব দাবি জানান। 'স্পর্ধ্বা' নামের সংগঠন 'নিপীড়নবিরোধী ছাত্র-ছাত্রী বৃন্দ'র ব্যানারে এ সমাবেশের আয়োজন করে।
সংহতি সমাবেশে আয়োজকরা তিন দফা লিখিত দাবি জানান। তাদের দাবির মধ্যে রয়েছে- পরিমল জয়ধর ও তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, যৌন নিপীড়নবিরোধী নীতিমালা সংক্রান্ত হাইকোর্টের রায় সর্বস্তরে বাস্তবায়ন করা এবং সব শিক্ষা প্রতিষ্ঠানে পরিমলের মতো শিক্ষকদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।
সমাবেশে উপস্থিত ছিলেন তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির মহাসচিব অধ্যাপক আনু মুহাম্মদ, ভিকারুননিসার জ্যেষ্ঠ শিক্ষক আফরোজা খানম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন গীতি আরা নাসরিন, গণসংহতি আন্দোলনের আহবায়ক জোনায়েদ সাকি প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংহতি জ্ঞাপন করেন ঢাবির শিক্ষক কাবেরী গায়েন, জোবায়দা নাসরিন কনা, তানজিম উদ্দিন খান, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেহনুমা আহমেদ, কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক লেলিন চৌধুরী, ভিকারুননিসার শিক্ষক আবেদা খাতুন, শিল্পী মাহমুদুজ্জামান বাবু ও গণসঙ্গীতশিল্পী কাজী কৃষ্ণকলি ইসলাম প্রমুখ।
সমাবেশ শেষে শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি টিএসসি এসে শেষ হয়।
এর আগে টিএসসি থেকে মৌন মিছিল করে শহীদ মিনারের সমাবেশে যোগ দেন ভিকারুননিসা স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২১৪১ ঘ.
bdnews24