২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নকল ঘি ও প্রসাধনী তৈরির অপরাধে ৩ জনকে সাজা

রাজধানীর চকবাজারে নকল ঘি ও প্রসাধনী তৈরির অপরাধে তিনজনকে সাজা ও জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2011, 03:35 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর চকবাজারে নকল ঘি ও প্রসাধনী তৈরির অপরাধে তিনজনকে সাজা ও জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তরা হলেন- আবদুস সামাদ (৬০) ও তার ছেলে মো. সোহেল (২৬) এবং মো. ইসমাইল হোসেন (৪০)। মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত অভিযানে এ সাজা দেওয়া হয় বলে ভ্রাম্যমাণ আদালতের হাকিম জানান। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৭০/২ বেগমগঞ্জের একটি কারখানায় নকল ঘি তৈরির অপরাধে আবদুস সামাদকে দুই বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই অপরাধে সামাদের ছেলে সোহেলকে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। ওই কারখানায় ব্যবহার করা পুরাতন কৌটা কিনে নকল ঘি ভরে বাজারজাত করতো বলে তিনি জানান। পাশা বলেন, পামওয়েলের সঙ্গে ডালডা ও রং মিশিয়ে এবং সামান্য পরিমান আসল ঘি মিশিয়ে নকল ঘি তৈরি করা হতো এ কারখানায়। পোস্তা এলাকায় অভিযান চালিয়ে নকল প্রসাধনী তৈরির অপরাধে মো. ইসমাইল হোসেনকে দুই বছরের কারদণ্ড ও চার লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। পাশা বলেন, পোস্তার কারখানায় নামিদামি ব্যান্ডের বিভিন্ন প্রসাধনীর নকল পাওয়া যায়। অভিযানে র‌্যাব-১০এর উপপরিচালক হারুর-অর-রশিদ ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২১২৯ ঘ.