ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩০তম বিসিএস'র দ্বিতীয় পর্বের মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
পিএসসির পুরাতন বিমান বন্দরের প্রধান কার্যালয়ে আগামি ১৯ জুলাই থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত সাধারণ ক্যাডার এবং সাধারণ ও টেকনিক্যাল ক্যাডার পদে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, উত্তীর্ণ প্রার্থীদের ডাকযোগে মৌখিক পরীক্ষাপত্র পাঠানো হবে। কোনো প্রার্থী পরীক্ষার তিন দিন আগে পত্র না পেলে দুই কপি পাসপোর্ট আকারের ছবিসহ কমিশনের পুরাতন বিমানবন্দরের প্রধান কার্যালয়ে যোগাযোগ করে ডুপ্লিকেট পত্র সংগ্রহ করতে পারবেন।
প্রার্থীদের সব সনদপত্রের মূল কপি ও এক কপি করে ফটোকপি এবং সোনালী ব্যাংক থেকে আবেদনপত্র কেনার রশিদের মূল কপি মৌখিক পরীক্ষার বোর্ডে অবশ্যই দাখিল করতে হবে। নইলে মৌখিক পরীক্ষা নেওয়া হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উত্তীর্ণ অন্য সব প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি পর্যায়ক্রমে দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে। এছাড়া কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এ তালিকা পাওয়া যাবে।
গত ২০ জুন থেকে ১১ জুলাই প্রথম পর্বে ৩০তম বিসিএস'র সাধারণ ক্যাডারে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/২০২২ ঘ.
bdnews24