চট্টগ্রাম, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মিরসরাইয়ে মিনি ট্রাক দুর্ঘটনায় চালককে আসামি করে একটি মামলা হয়েছে। তবে চালক মফিজ উদ্দিনকে (৪৫) এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
সোমবার দুর্ঘটনার পর রাত সাড়ে ১০টার দিকে মিরসরাই উপজেলার ১৩ নম্বর মায়ানি ইউনিয়নের চেয়ারম্যান কবির উদ্দিন নিজামী বাদি হয়ে মিরসরাই থানায় মামলাটি করেন। মামলার একমাত্র আসামি মফিজ।
মিরসরাই থানার ওসি ইফতেখার হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার পরপরই মধ্যম মায়ানির মোক্তার বাড়ি এলাকায় মফিজের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে তাকে বা তার পরিবারের কাউকে পাওয়া যায়নি।
"এরপর রাতভর উপজেলার শখের খালি, ডোমখালি, সমিতি বাজারসহ বিভিন্ন এলাকায় মফিজের শ্বশুর বাড়ি, নানার বাড়িসহ অন্যান্য আত্মীয় স্বজনের বাড়িতে অভিযান চালালেও মেলেনি তার সন্ধান।"
সোমবার মিরসরাই স্টেডিয়াম থেকে 'বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুুটবল টুর্নামেন্টের' খেলা দেখে ফেরার সময় সৈদালী গ্রামে ট্রাকটি সড়কের পাশের ডোবায় উল্টে পড়ে। এতে ৪৩ জন শিক্ষার্থীসহ ৪৪ জন মারা যায়। আহত অন্য ১২ শিক্ষার্থী নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনায় বেঁচে যাওয়া আবু তোরাব বহুমূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এমরান, নিজাম উদ্দিন ও বোরহান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনার আগে মফিজ মোবাইল ফোনে কথা বলছিলেন।
এসময় সৈয়দ আলী গ্রামের একটি সেতু পেরিয়ে একটি ভটভটিকে জায়গা দিতে গিয়ে ট্রাকটি ডোবায় উল্টে পড়ে।
মায়ানি গ্রামের মোক্তার বাড়ি এলাকার বাসিন্দা কৃষক নুরুল আবছার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মফিজ মূলত চালকের সহকারী। মাঝেমাঝে তিনি গাড়ি চালায়। তবে তার কোনো লাইসেন্স নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/পিডি/১৯৩১ ঘ.
bdnews24