নাটোর, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপিসহ চার দলের ডাকা ৪৮ ঘণ্টার হরতালে নাটোরের আম ব্যবসায়ী মোশারফকে পুড়িয়ে মারার ঘটনায় পাঁচ আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
পুলিশ জানায়, মঙ্গলবার নাটোরের মুখ্য বিচারিক হাকিম মো. লিয়াকত আলী মোল্লা এ আদেশ দেন বলে পুলিশ জানিয়েছে।
বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় আম নিয়ে আসার সময় নাটোরের তেবাড়িয়ায় হরতাল সমর্থকরা ট্রাকে আগুন দিলে মোশারফের শরীর পুড়ে যায়। তিন দিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর শনিবার রাতে তার মৃত্যু হয়।
মামলার তদন্ত কর্মকর্তা জালাল উদ্দিন সাংবাদিকদের জানান, মঙ্গলবার দুপুরে মোশারফ হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আসামি মামুন, রফিকুল ইসলাম, আলম ভুঁইয়া, মাসুদ রানা ও মামুনুর রশিদকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আদেশ দেওয়া হয়। এরমধ্যে মামুনের দুই দিন এবং বাকিদের তিন দিনের রিমান্ড আদেশ হয়।
তিনি জানান, আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য নাটোর সদর থানায় নিয়ে যাওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮১২ ঘ.
bdnews24