ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে একটি আবেদনের শুনানিতে হাইকোর্টের বিচারক বর্তমান ও সাবেক আইনমন্ত্রীকে একসঙ্গে বসে দেশের মানুষকে ভোগান্তি থেকে মুক্তি দিতে বলেছেন।
মঙ্গলবার বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের জামিন আবেদনের শুনানিতে এ উক্তি করা হয়।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আনোয়ারুল হকের বেঞ্চে ওই শুনানি হয়।
শুনানির প্রথমেই আদালত জিজ্ঞেস করে জয়নুল আবদিন ফারুককে গ্রেপ্তার করা হয়েছে কি-না। জবাবে তার আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ 'না' সূচক উত্তর দেন।
এরপর আদালতে জামিন আবেদন উপস্থাপন করেন তিনি।
শুনানিতে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন, "আজকে আপনি ভোগান্তির শিকার। কাল ওনারা (সরকার পক্ষ) ভোগান্তিতে পড়বেন। আপনারা যখন ক্ষমতায় ছিলেন, তখন উনারা ভোগান্তিতে পড়েছেন। এটাই আমরা দেখে আসছি। আমরা এটা দেখতে চাই না।"
তখন বিএনপি সরকারের আইনমন্ত্রী মওদুদ বলেন, "এখন মাত্রাটা বেড়ে গেছে। আগে এনালগ ছিলো। এখন ডিজিটাল হয়েছে।"
মওদুদের কথা শুনে বিচারপতি আবার বলেন, "চর্চা করলে মাত্রা তো বাড়বেই। আল্লাহ কাজ করার জন্য আমাদের দুটি হাত দিয়েছেন। অথচ আমাদের দেশের মানুষ একহাত দিয়ে আরেকজনকে আক্রমণ করি। অন্য হাত দিয়ে অন্যের আক্রমণ প্রতিহত করার চেষ্টা করি। একটা মানুষ যখন সব সময় এটা করে, তখন সে কীভাবে দেশের ও উন্নয়নের জন্য কাজ করবে।
"একজন মানুষ হিসাবে আমি বলতে চাই- ক্ষমতার এবং ক্ষমতার বাইরের দুই আহমেদ (মওদুদ ও শফিক আহমেদ) মিলে আমাদের মুক্তি দেন।"
শুনানিতে মওদুদ বলেন, পুলিশ গালি দিয়ে ফারুককে দাঁত ভেঙে দেওয়ার কথা বলেছে।
তখন আদালত বলে, "আল্লাহ বলেছেন, তোমাদের মূল শত্র" তোমাদের ঠোঁট।"
শুনানি শেষে আদালত ফারুককে জামিন দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/এমআই/১৬৪০ ঘ.
bdnews24