২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে এসিড মেরেছে 'স্বামী'

সাতক্ষীরা শহরে স্ত্রীকে এসিড মারার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2011, 01:06 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

সাতক্ষীরা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা শহরে স্ত্রীকে এসিড মারার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। শনিবার রাতে শহরের পলাশপোল এলাকার এসপি বাংলোর মোড়ে এই হামলায় আহত হন মনজিলা খাতুন (২২)। রোববার এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে। মনজিলাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শহরের ইটাগাছা এলাকার ইউনুছ আলীর মেয়ে। মনজিলার ভাই ফারুক হোসেন সাংবাদিকদের জানান, শনিবার রাতে তালা উপজেলার নগরঘাটা গ্রামের মামার বাড়ি থেকে বাড়ি ফিরে আসছিলেন মনজিলা। রাত সাড়ে ৮টার সময় শহরের এসপি বাংলোর মোড়ে পৌঁছলে লিটন তার উপর এসিড নিক্ষেপ করেন। ফারুক জানান, নয়মাস আগে বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে মনজিলাকে নির্যাতন করে আসছিলেন তার স্বামী লিটন। এ কারণে তাদের তালাক হয়। পরবর্তীতে লিটন আবারো বিয়ের প্রস্তাব দিলে মনজিলা রাজি হননি। এ কারণে লিটন এ হামলা চালান, বলেন ফারুক। সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদ জানান, মনজিলার মুখ ও বুকের কিছু অংশ তরল দাহ্য পদার্থে ঝলসে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করার পরামর্শ দেওয়া হয়েছে। সদর থানার ওসি শাহজাহান আলী খান বলেন, এ ব্যাপারে মনজিলার মা রোকেয়া খাতুন বাদী হয়ে লিটনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন। লিটনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০০ ঘ.