সুনামগঞ্জ, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের দিরাই উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫০ জন আহত হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের শরিফপুর গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
দিরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মকবুলুর রহমান জানান, উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের শরিফপুর গ্রামের চাঁদ মিয়া ও বাদল মিয়ার লোকজনের মধ্যে জমিজমা নিয়ে পূর্ব বিরোধ ছিল। এর জের ধরেই দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫০ জন আহত হয়েছে। আহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও দিরাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসা দেওয়া হচ্ছে।
শরিফপুর গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১৫২৮ ঘ.
bdnews24