নারায়ণগঞ্জ, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে নারায়ণগঞ্জের ফতুল্লায় ইসলামী দলগুলোর নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অর্ধশত আহত হয়েছে। সংঘর্ষ হয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও।
সংশোধিত সংবিধানে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' শব্দবন্ধ বাদ দেওয়ার প্রতিবাদে বিএনপির মিত্র বলে পরিচিত কয়েকটি ইসলামী দলসহ ১২টি দল রোববার সকাল ৬টা থেকে ৩০ ঘণ্টার এ হরতালের ডাক দিয়েছে।
সকালে হরতালের সমর্থনে ফতুল্লার পঞ্চবটি এলাকায় নামে ইসলামী দলগুলোর নেতা-কর্মীরা। সকাল সাড়ে ৬টা থেকে পুলিশের সঙ্গে হরতালকারীদের দফায় দফায় সংঘর্ষ হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ও রবার বুলেট ছোড়া হয় বলে সাংবাদিকদের জানান নারায়লগঞ্জের পুলিশ সুপার শেখ নাজমুল আলম।
সংঘর্ষের সময় পুলিশের একটি পিস্তল ও একটি শটগান খোয়া যায় বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
সংঘর্ষে ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। এর মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান খান, এএসআই আনোয়ারকে গুরুতর অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে।
হরতালকারীরা অন্তত ১০টি গাড়ি ভাংচুর করে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। সেখান থেকে তিন জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
এদিকে হরতালকারীরা সকাল সাড়ে ৮টার দিকে কাচপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। এর ১৫ মিনিটের মাথায় হরতালবিরোধী একটি মিছিল বের হলে সংঘর্ষ বেঁধে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
দুই পক্ষকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা ও রবার বুলেট ছোড়ে বলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল আলম মোল্লা জানিয়েছেন।
স্থানীয়রা বলছেন, পুলিশ গুলিও ছুড়েছে এবং এতে তোফায়েল (২২) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। এ যুবক মাদানীনগর মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থীদের পাঞ্জাবি তৈরির কাজ করতো বলে স্থানীয়রা জানিয়েছে।
তবে এ বিষয়ে ওসি কামরুল বলেন, "কারো গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি আমার জানা নেই।"
ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে বলে পুলিশ সুপার নাজমুল জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২০০ ঘ.
bdnews24