সুনামগঞ্জ, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের দিরাইয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দিরাই পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
শনিবার বিকালে এ সংঘর্ষের সময় উপজেলা সদরে কলেজ রোডে প্রতিপক্ষের তিনটি দোকান ও দুটি মোটর সাইকেল ভাংচুর করা হয়। পুলিশ ৭ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফের সংঘর্ষের আশঙ্কায় উপজেলা প্রশাসন বিকাল সোয়া ৫টায় ১৪৪ ধারা জারি করেছে।
দিরাই থানার ওসি আবু জাফর মো. সালেহ জানান, শনিবার দুপুরে দিরাই কলেজে দ্বাদশ শ্রেণীর ক্লাসকক্ষে বসা নিয়ে চন্ডিপুর গ্রাম ও বাঘবাড়ী গ্রামের ছাত্রদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুই গ্রামের মধ্যে উত্তজনা ছড়িয়ে পড়ে।
এক পর্যায়ে দুই গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্র হয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু করলে পৌর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দু পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুল হক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১১৩ ঘ.
bdnews24