২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্যপ্রযুক্তি মানুষের জীবন বদলে দেবে: জয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন উদ্ভাবনের ফলে মানুষের জীবনমানের পরিবর্তন হবে। এটাই জিডিটাল বাংলাদেশের লক্ষ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2011, 04:29 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন উদ্ভাবনের ফলে মানুষের জীবনমানের পরিবর্তন হবে। এটাই জিডিটাল বাংলাদেশের লক্ষ্য। শুক্রবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জয় বলেন, নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের মধ্য দিয়ে মানুষের জীবনমানের পরিবর্তন হবে। তথ্যপ্রযুক্তির উন্নয়নের ফলে ভূমি রেজিস্ট্রেশন থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ অনায়াসে অনলাইনে করা যাবে। তথ্যপ্রযুক্তি খাতে গত দুই বছরে বাংলাদেশ অনেক এগিয়েছে বলেও উল্লেখ করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার উপদেষ্টা জয়। অনুষ্ঠানে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, কৃষকের ছেলে-মেয়েদের হাতেও এখন বিভিন্ন প্রযুক্তি পৌঁছে গেছে। "শিক্ষার্থীরা এখন ই-বুক পড়ছে। দিন বদলে যাবে। নতুন প্রজন্মই বাংলাদেশকে উন্নতির দিকে নিয়ে যাবে", যোগ করেন তিনি। মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্য থেকে দর্শকদের ভোটে নির্বাচিত ১২টি স্টলকে এই অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করা হয়। বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম যৌথভাবে এ মেলার আয়োজন করে। গত ৬ জুলাই শুরু হওয়া এ মেলা ৮ জুলাই (শুক্রবার) শেষ হওয়ার কথা থাকলেও দর্শনার্থীদের অনুরোধে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা চলবে বলে আয়োজকরা জানান। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৮০টি প্রতিষ্ঠান এবং ছয়টি বেসরকারি প্রতিষ্ঠান তাদের তথ্যপ্রযুক্তি সেবা মেলায় প্রদর্শন করছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা বিভাগের কমিশনার মো. মঈনউদ্দীন আবদুল্লাহ ও আইসিটি সচিব মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচ/জেকে/২২০৯ ঘ.