২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ভারত ভবিষ্যতেও বিএনপির সঙ্গে কাজ করবে'

অতীতের মতো ভবিষ্যতেও বিএনপির সঙ্গে কাজ করার আশা প্রকাশ করেছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2011, 04:01 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতীতের মতো ভবিষ্যতেও বিএনপির সঙ্গে কাজ করার আশা প্রকাশ করেছে ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণা শুক্রবার দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে এ কথা বলেন। কৃষ্ণাকে উদ্ধৃত করে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবীন চৌধুরী বলেন, "ভারত সরকার বিএনপির সঙ্গে অতীতেও কাজ করেছে, ভবিষ্যতেও কাজ করবে।" বাংলাদেশে যে কোনো সময় রাজনৈতিক পট-পরিবর্তন আসতে পারে- ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের এমন মন্তব্যের পর সৃষ্ট বিতর্কের মধ্যেই বুধবার বাংলাদেশ সফরে আসেন কৃষ্ণা। গত সপ্তাহে নয়া দিল্লিতে কয়েকজন সম্পাদকের সঙ্গে মতবিনিময়ে মনমোহন আরো বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খুবই ভালো। তবে ২৫ শতাংশ বাংলাদেশি জামায়াতে-ইসলামির সমর্থক এবং তারা তীব্র ভারতবিরোধী। সম্পাদকদের সঙ্গে মনমোহনের প্রশ্ন-উত্তর সম্বলিত পুরো আলোচনা ভারতীয় প্রধানমন্ত্রীর ওয়েবসাইটে দেওয়া হলেও পরে বাংলাদেশ প্রসঙ্গটি বাদ দিয়ে 'সংশোধিত' আকারে প্রকাশ করা হয়। আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের প্রস্তুতি চূড়ান্ত করা এবং দ্বিপক্ষীয় বিভিন্ন চুক্তির অগ্রগতি পর্যালোচনাই কৃষ্ণার তিন দিনের এই সফরের মূল লক্ষ্য। এরই মধ্যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠক করেছেন। শুক্রবার এক আলোচনা অনুষ্ঠানে এসএম কৃষ্ণা বলেন, প্রতিবেশী এ দুদেশকে নতুন নতুন চ্যালেঞ্জের মোকাবেলা করতে হচ্ছে এবং নতুন নতুন নিরাপত্তা হুমকির মুখে পড়তে হচ্ছে। ধর্মীয় মৌলবাদ, চরমপন্থা ও সন্ত্রাসবাদ এ অঞ্চলে অপরিচিত কিছু নয় বলেও মন্তব্য করেন তিনি। "এ ধরনের তৎপরতা আমাদের সামাজিক শক্তিকে নড়বড়ে করে দিচ্ছে। এটা শাসন ববস্থার জন্য হুমকি এবং অগ্রগতির পথেও অন্তরায়," বলেন কৃষ্ণা। অবশ্য এসব অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে উভয় দেশ পরস্পরকে সহযোগিতা করছে বলেও মন্তব্য করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/জেকে/২১৫১ ঘ.