সৈয়দ নাহাস পাশা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
লন্ডন, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ সরকার আনুষ্ঠানিক অনুরোধ জানালে যুক্তরাজ্য সরকার তাদের 'আসামি প্রত্যার্পণ' আইনের আওতায় ২১ অগাস্ট গ্রেনেড মামলার পরোয়ানাভুক্ত আসামি তারেক রহমানকে ফেরত পাঠানোর বিষয়টি বিবেচনা করবে বলে জানিয়েছে সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বড় ছেলে তারেক বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস অফিসের একজন মুখপাত্র বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সে দেশের ২০০৩ সালের 'আসামি প্রত্যার্পণ' আইনের আওতায় বাংলাদেশ সরকার কোনো আসামিকে ফেরত চাইলে তা বিবেচনা করা হবে।
তারেককে বিচারের মুখোমুখি দাঁড় করাতে 'প্রসিকিউটররা সব ব্যবস্থাই নেবেন'- স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের এমন বক্তব্যের পর খালেদা জিয়ার বড় ছেলেকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি আলোচনায় আসে।
২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় তারেক রহমানসহ নতুন ৩০ আসামির নাম অন্তর্ভুক্ত করে গত ৩ জুলাই সম্পূরক অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এর কয়েক ঘণ্টার মধ্যে তারেকসহ ১৮ পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
ওই গ্রেনেড হামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী আইভী রহমানসহ ২৪ জন নিহত এবং কয়েকশ' লোক আহত হন।
দুর্নীতি ও অনিয়মসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা ১৪টি মামলার আসামি তারেক রহমান প্যারোলে মুক্তি পেয়ে ২০০৮ সালে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক বিগত চারদলীয় জোট সরকারের সময় খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় 'হাওয়া ভবন' থেকেই সরকারকে চালাতেন বলে অভিযোগ রয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফসহ দলটির শীর্ষ নেতারা বলে আসছেন, ২০০৪ সালে ওই গ্রেনেড হামলা চালানো হয়েছিল তখনকার বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে। আর হাওয়া ভবনে বসে তারেকই ওই হামলার মূল পরিকল্পনা করেন।
তিন বছর আগে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় ব্রিটেনে যাওয়ার পর থেকে সেখানেই অবস্থান করছেন তারেক। তবে তিনি কেমন ভিসায় লন্ডনে অবস্থান করছেন তা নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা ছিল। বিভিন্ন গণমাধ্যম এবং যুক্তরাজ্য বিএনপির নেতারা এ বিষয়ে একেক সময়ে একেক তথ্য দিয়েছেন। কেউ বলেছেন, তারেক শিক্ষা ভিসায় আছেন। আবার কেউ বলেছেন, তিনি ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন।
এ বিষয়ে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারেক রহমান বর্তমানে 'প্রাইভেট হেলথ কেয়ার' ভিসায় যুক্তরাজ্যে অবস্থান করছেন।
তারেকের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের আইন বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কেউই কথা বলতে রাজি হননি।
যুক্তরাজ্যের এক্সট্রাডিশন (আসামি প্রত্যার্পণ) আইনের দ্বিতীয় অনুচ্ছেদে বলা হয়েছে, একটি দেশের আদালতে দোষি সাব্যস্ত অথবা অভিযুক্ত কোনো আসামিকে চুক্তির আওতায় ফিরিয়ে নিতে হলে ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুরোধ জানাতে হবে। এরসঙ্গে তার অপরাধের যথেষ্ট তথ্য-প্রমাণ পাঠাতে হবে যাতে তাকে যুক্তরাজ্যে গ্রেপ্তার করা যায়।
আবেদনের সঙ্গে আসামির সম্পূর্ণ পরিচিতি, তার বিরুদ্ধে অভিযোগের পূর্ণ বিবরণ, তার বিরুদ্ধে জারি হওয়া পরোয়ানা- এসবও সরবরাহ করতে হবে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে।
অনুরোধটি সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যৌক্তিক মনে হলে তিনি একটি সনদ জারি করবেন এবং তা পাঠানো হবে ব্রিটেনের আদালতে। এরপর পুরো বিষয়টিই আদালতের ওপর নির্ভর করবে।
ব্রিটেনের আদালত মনে করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে এবং তাকে সংশ্লিষ্ট দেশে ফেরত পাঠানো হবে কি না সে বিষয়ে শুনানি হবে। এই প্রক্রিয়া শেষ করার জন্য যুক্তরাজ্যের আইনে নির্দিষ্ট কোনো সময় বেঁধে দেওয়া নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনপি/জেকে/০০৩২ ঘ.
bdnews24