চট্টগ্রাম, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদে বিএনপিসহ চার দলের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন চট্টগ্রামে কেটেছে ঢিলেঢালাভাবে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে নগরীর নাসিমন ভবনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হলেও তাতে কেউ হতাহত হয়নি।
কার্যালয়ের সামনে পুলিশের অবস্থানে ওই ককটেল ছোড়া হয়। এ ঘটনায় দুই হরতাল সমর্থককে গ্রেপ্তার করে পুলিশ।
বিপুল সংখ্যক পুলিশ সারাদিনই বিএনপি কার্যালয়টি ঘিরে রাখে।
ককটেল বিস্ফোরণের পর বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হলেও তাতে কেউ হতাহত হয়নি।
সারাদিনই দলীয় কার্যালয়ের ভেতর ও বাহিরে অবস্থান নেয় বিএনপি নেতাকর্মীরা।
দলীয় কার্যালয় ছাড়া নগরীর অন্য কোথাও হরতাল সমর্থকদের দেখা যায়নি।
সকালে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে নেতাকর্মীরা কার্যালয়ের সামনের সড়কের ফুটপাতে অবস্থান নিলেও দুপুরে ককটেল বিস্ফোরণের পর পুলিশ তাদের কার্যালয়ের ভেতরে পাঠিয়ে দেয়।
বিকালে সংক্ষিপ্ত সমাবেশ শেষে সন্ধ্যায় বিএনপি নেতাকর্মীরা দলীয় কার্যালয় ত্যাগ করেন।
এদিকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের কাউকেই হরতালের সমর্থনে রাস্তায় বের হতে দেখা যায়নি।
হরতাল সমর্থকরা রাস্তায় বের না হলেও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরা এদিন হরতালবিরোধী মিছিলে নগরী মাতিয়ে রাখে। নগরীর দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়, জিইসি মোড় এবং বহদ্দারহাট এলাকায় হরতালবিরোধী পৃথক মিছিল সমাবেশ করে তারা।
নগর বিএনপি'র সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের জানান, হরতালে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চায়। বাইরের কোনো গোষ্ঠী ওই ককটেল ছুড়েছে।
সকালে নগরীতে রিকশা ছাড়া অন্য কোনো ভারি যানবাহন চলাচল না করলেও দুপুরের পর থেকে নগরীর বিভিন্ন সড়কে বাস, ট্রাক, প্রাইভেট কার, সিএনজি অটো রিকশাসহ বিভিন্ন যানবাহন চলতে দেখা যায়।
এদিন অফিস-আদালত, ব্যাংক-বীমা কার্যালয় খোলা থাকলেও সেখানে কর্মচাঞ্চল্য কম ছিলো।
চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামার কাজ কোনো বাধা না ছিলো না। তবে সকালে পণ্য পরিবহণ কম হলেও বিকালের দিকে বন্দর থেকে পণ্য পরিবহণ অনেক বেড়ে যায়।
হরতালের জন্য চট্টগ্রামের ব্যবসায়িক প্রাণকেন্দ্র চাক্তা-খাতুনগঞ্জে পাইকারী বাজারে লেনদেন কম হয় বলে ব্যবসায়ীরা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/পিডি/২৩৫৬ ঘ.
bdnews24